ইরানে হামলা ঐতিহাসিকভাবে সফল: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই সাফল্য উদযাপন করা উচিত বলেও মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘ঐতিহাসিকভাবে সফল’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই (ইরান) হামলায় আমরা অসাধারণ সাফল্য পেয়েছি। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের এ সাফল্য উদযাপন করা উচিত।”
গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নানা মূল্যায়ন তুলে ধরে পিট হেগসেথ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে দাবি করেন।
ইসরায়েলের পারমাণবিক সংস্থার তথ্য তুলে ধরেও হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ‘অকার্যকর’ হয়ে গেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধানের বরাত দিয়ে তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে।”
সিআইএ-এর মূল্যায়নও বলছে, “ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ওদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পেন্টাগনের একটি মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর গণমাধ্যমের সমালোচনা করেছেন হেগসেথ।
তিনি বলেন, “ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব খাটো করে দেখাচ্ছে সংবাদমাধ্যম। এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা।”
ফাঁস হওয়া মূল্যায়ন প্রতিবেদনকে ‘প্রাথমিক’ বলে উল্লেখ করেন হেগসেথ। এই প্রতিবেদনে বলা হয়েছিল মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিয়েছে।
হেগসেথ বলেন, “এটি (ইরানে হামলা) ছিল জটিল অভিযান। যারা এতে অংশ নিয়েছে, তাদের আমি ধন্যবাদ জানাই।”
ট্রাম্প এ অভিযানে নেতৃত্ব দিয়ে মহান সাফল্য অর্জন করেছেন মন্তব্য করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা কি এ সাফল্য উদযাপন করতে পারি না?”
