তীব্র রূপ নিয়েছে কানাডার দাবানল, ৩০,০০০ মানুষকে সরানোর নির্দেশ
কেলোনাসহ আরও কয়েকটি নগরীতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ায় প্রায় ৪০০ জায়গায় জ্বলছে আগুন।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দাবানল তীব্র আকার ধারণ করেছে। প্রায় ৪০০ জায়গায় জ্বলছে আগুন। প্রাণ বাঁচাতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্তত ৩০ হাজার মানুষকে।
কর্মকর্তারা ১ লাখ ৩২ হাজার মানুষ অধুষ্যিত কেলোনা নগরীতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছেন। কাছের ওয়েস্ট কেলোনায় আগুনে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বিবিসি জানায়, ভ্রমণে কড়াকড়ি আরোপ হয়েছে কামলুপস, অলিভার, পেনটিক্টটন, ভেনম এবং ওসোয়ুজ শহরেও। কয়েকশ মাইল উত্তরে বিশাল আগুনের কুন্ডলী ইয়েলোনাইফ নগরীর দ্বারপ্রান্তে ছড়িয়ে যাচ্ছে।
নগরীটি ছেড়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় শুক্রবারেই পার হয়ে গেছে। ওইদিন শেষে গাড়ি বা বিমানে করে নগরীর প্রায় সব অধিবাসীই চলে গেছে বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। নগরীর ২০ হাজার মানুষের মধ্যে প্রায় ১৯ হাজার জনই চলে গেছে।
ওদিকে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শুক্রবার ১৫ হাজার বাড়িঘর থেকে মানুষজনকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও অন্তত ৩০ হাজার জনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আরও ৩৬ হাজার বাড়ির মানুষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রদেশটির প্রধানমন্ত্রী ডেভিড ইবি জানিয়েছেন, সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৩৫ হাজার মানুষকে। আর ৩০হাজার মানুষকে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
দাবানলের ভয়াবহতার কারণে ব্রিটিশ কলম্বিয়ায় এর আগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রাদেশিক প্রধানমন্ত্রী ডেভিড ইবি সাংবাদিকদের বলেন, “আমাদের প্রদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল মোকাবেলা করছি আমরা। পরিস্থিতি নজিরবিহীন হয়ে উঠেছে।”
কানাডার দাবানলের ইতিহাসে এবারের পরিস্থিতিই সবচেয়ে খারাপ। দেশজুড়ে ১০০০ হাজারেরও বেশি দাবানল জ্বলছে।
