‘গোপন বাঙ্কার’ থেকে বেরিয়ে খামেনি আগের ইরান পাবেন?
১২ দিনের এই যুদ্ধ শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিকে মারাত্মকভাবে দুর্বল করেছে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহর ভার ও ধারও দিয়েছে কমিয়ে।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের কোথাও গোপন কোনো এক বাঙ্কারে প্রায় দুই সপ্তাহের মতো লুকিয়ে থাকা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হয়তো যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে বাইরে আসার কথা ভাবতে পারেন।
ইসরায়েল হত্যা করবে—এ আশঙ্কায় তিনি হয়তো এমন কোনো গোপন স্থানে লুকিয়ে আছেন, যেখানে যোগাযোগ করা বেশ দুরূহ। এমনকি সরকারের শীর্ষ অনেক কর্মকর্তারও তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই বলেই মনে হচ্ছে।
আকাশপথে পাল্টাপাল্টি হামলা, ধ্বংস ও প্রাণহানির পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় তেহরান ও তেল আবিবের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি হয়েছে, তা সত্ত্বেও খামেনির জন্য এখন সবচেয়ে সেরা সদুপদেশ হচ্ছে—সতর্ক থাকা। ইরানের এ সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা না করতে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বলেছেন বলে খবর বের হলেও বেনিয়ামিন নেতানিয়াহু তো খামেনিকে হত্যার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।
বিবিসি লিখেছে, যদি আদৌ খামেনি কখনো আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে আসেন, যখনই বের হবেন দেখবেন মৃত্যু আর ধ্বংসের বিস্তৃত এক চিত্র।
এরপরও তিনি যে রাষ্ট্রীয় টিভিতে হাজির হয়ে সংঘাতে ইরানের বিজয়ের দাবি করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের ছকও কষবেন তিনি। কিন্তু তাকে এক নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে, হয়তো নতুন এক যুগেরও।
কারণ, ১২ দিনের এই যুদ্ধ শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিকে মারাত্মকভাবে দুর্বল করেছে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহর ভার ও ধারও দিয়েছে কমিয়ে।
শীর্ষ পর্যায়ে অসন্তোষের গুঞ্জন
যুদ্ধ চলাকালে, ইসরায়েল খুব দ্রুত ইরানের আকাশসীমার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ইরানি সামরিক স্থাপনাগুলোতে মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে। তারা বিপ্লবী রক্ষীবাহিনী ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদেরও সহজেই হত্যা করে।
এতে সামরিক বাহিনীর কতটা ক্ষতি হয়েছে তা অস্পষ্ট এবং এ নিয়ে বিতর্কও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী ও বিপ্লবী রক্ষীবাহিনীর ঘাঁটি ও স্থাপনাগুলোতে বারবার বোমাবর্ষণে ইরানের সামরিক শক্তি যে ব্যাপক হ্রাস পেয়েছে তা ধারণা করে নেওয়াই যায়।
ইসলামিক প্রজাতন্ত্রটির সম্পদের বড় একটা অংশ এই সামরিক বাহিনীর পেছনে ব্যয় হয়।
জ্ঞাত যে পারমাণবিক স্থাপনাগুলোর জন্য দেশটি প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে, সেগুলো চালাতেও ইরানি শাসকগোষ্ঠীকে শত শত কোটি ডলার খরচ করতে হয়েছে। এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় সেগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তাহলে কেন এগুলো করা, অনেকেই এখন এ প্রশ্নও তুলছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যে মুখোমুখি অবস্থানের কারণে দেশ ও জনগণের এ দুর্গতি তার জন্য বিপুল সংখ্যক ইরানিই হয়তো এককভাবে ১৯৮৯ সালে ক্ষমতায় আসা আয়াতুল্লাহ খামেনিকেই দোষী মনে করবেন।
তারা তাকে দায় দেবেন ইসরায়েলকে ধ্বংসের মতাদর্শ অনুসরণ করায়, যে মতাদর্শে অনেক ইরানিরই সায় নেই।
তাকে তারা দোষারোপ করতে পারেন তাদের দৃষ্টিতে সেই ‘ভ্রান্তির’ জন্য, যে ভ্রান্তিতে খামেনি মনে করেছিলেন, পারমাণবিক ক্ষমতা অর্জন করলেই তার শাসনব্যবস্থা অজেয় হয়ে উঠবে। কিন্তু বাস্তবে, নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়েছে, বিশ্বের একটি শীর্ষ তেল রপ্তানিকারক দেশ আজ নিজের আগের অবস্থার ছায়া হয়ে টিকে আছে— পড়ে আছে দারিদ্র্যপীড়িত ও সংকটে জর্জরিত হয়ে।
“এত বড় দাগ পড়ার পরও ইরানি শাসনব্যবস্থা আরও কত দিন টিকে থাকবে তা অনুমান করা মুশকিল, কিন্তু দেখে মনে হচ্ছে এটা বোধহয় তাদের শেষের শুরু,” বলেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার অধ্যাপক লিনা খতিব।
“আলি খামেনি হয়তো হতে যাচ্ছেন ইসলামি প্রজাতন্ত্রটির শেষ ‘সর্বোচ্চ নেতা’, যদি এই শব্দ দুটির ওজন আক্ষরিক অর্থে বিবেচনায় নিই,” বলেছেন তিনি।
এর মধ্যে দেশটির শীর্ষ রাজনৈতিক মহলে অসন্তোষের গুঞ্জনও শোনা যাচ্ছে। যুদ্ধ যখন তুঙ্গে, তখন শাসকগোষ্ঠীর এক সময়ের প্রভাবশালী কিছু মুখ কোম শহরভিত্তিক তুলনামূলক চুপচাপ ধর্মীয় আলেম, যারা আয়াতুল্লাহ থেকে আলাদা, তাদেরকে রাজনীতিতে হস্তক্ষেপ এবং নেতৃত্বে বদল আনতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আধা-সরকারি এক ইরানি বার্তা সংস্থার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছিল।
“একটা হিসাব-নিকাশ তো হবেই। এটা স্পষ্ট যে নেতৃত্বের মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়েছে, আর সাধারণ মানুষদের মধ্যেও রয়েছে ব্যাপক অসন্তোষ,” বলেছেন সেইন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির ইরান স্টাডিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আলি আনসারি।
‘ক্ষোভ, হতাশা শেকড় গেড়ে বসবে’
শেষ দুই সপ্তাহে অনেক ইরানি দেশকে রক্ষা করার তাগিদ বনাম শাসনব্যবস্থার প্রতি তীব্র ঘৃণা, কোনটাকে প্রাধান্য দেবেন তা নিয়ে ভেতরে ভেতরে দ্বিধাগ্রস্ত ছিলেন। শেষ পর্যন্ত তারা দেশের জন্যই ঐক্যবদ্ধ হয়েছেন, না শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে নয়, একে অপরের খেয়াল রাখতে।
১২ দিনের এ যুদ্ধের সময় ইরানজুড়ে যে বিপুল সংহতি আর একাত্মতার খবর পাওয়া গেছে তা এখনকার বিশ্বে বিরল।
মফস্বল এলাকা ও গ্রামের লোকজন বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে শহর থেকে পালানো লোকজনের জন্য বাড়ির দরজা খুলে দিয়েছিলেন, দোকানদাররা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কম রেখেছেন, প্রতিবেশিরা একে অপরের বাড়ি গিয়ে কারও কিছু লাগবে কিনা তার খোঁজ নিয়েছেন।
অনেক ইরানি এ বিষয়েও সচেতন ছিলেন যে, ইসরায়েল সম্ভবত ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চাইছে। শাসনব্যবস্থার পরিবর্তন অনেক ইরানির কাম্য হলেও তা যদি বিদেশি শক্তির পরিকল্পিত ও চাপিয়ে দেওয়া হয়, তাহলে অনেকেই আপত্তি তুলবেন, বিরোধিতাও করবেন।
প্রায় চার দশকের শাসনকালে খামেনি তার দেশে সব ধরনের বিরোধী কণ্ঠকেই কঠোরভাবে দমন করেছেন। বিরোধী রাজনৈতিক নেতাদের বেশিরভাগই এখন হয় কারাগারে, না হয় দেশে ছেড়ে পলাতক। বিদেশে থাকা নেতারাও এতদিনে এমন কোনো অবস্থান নিতে পারেননি যা ইরানি শাসকদের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ করবে।
তারা এমন একটি কাঠামো বা সংগঠনও গড়ে তুলতে পারেননি যা সুযোগ পেলে দেশের ভেতরে ক্ষমতা দখল করতে পারবে।
দুই সপ্তাহের যুদ্ধের মধ্যে এক পর্যায়ে যখন মনে হচ্ছিল, টানা লড়াই চললে এই শাসকদের পতন ঘটলেও ঘটতে পারে, তখনও অনেকে বিরোধীদের হাতে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা দেখেননি, উল্টো দেশ বিশৃঙ্খলা ও অরাজকতায় পতিত হবে বলে আশঙ্কায় ছিলেন।
“দেশের ভেতর বিরোধিতার ফলে এই ইরানি শাসনব্যবস্থার পতন অনেকটাই অসম্ভব। দেশের ভেতর এই শাসকদের শেকড় অনেক গভীরে এবং তারা ভিন্নমত দমনাভিযান জোরদার করতে পারে,” বলেছেন অধ্যাপক খতিব।
অনেক ইরানিই এখন দেশের ভেতর নিপীড়ন বেড়ে যাওয়ার ভয় পাচ্ছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ‘মোসাদ সংশ্লিষ্টতার’ দায়ে গত দুই সপ্তাহে অন্তত ছয়জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। একই অভিযোগে এরই মধ্যে প্রায় ৭০০ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসিকে এক ইরানি নারী বলেছেন, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের চেয়েও তার এখন বেশি ভয় আহত ও অপমানিত শাসকদের, যারা তাদের রাগ-ক্ষোভ নিজেদের জনগণের ওপর মেটাতে পারে।
“যদি শাসনব্যবস্থা জনগণের মৌলিক প্রয়োজন ও সেবা নিশ্চিতে ব্যর্থ হয়, তাহলে ক্ষোভ ও হতাশা বাড়তেই থাকবে,” বলেন অধ্যাপক আনসারি।
তার মতে, এই ক্ষোভ ও হতাশা ধাপে ধাপে বাড়বে। এটা গণমানুষের মধ্যে ততক্ষণ তীব্রভাবে অনুভূত হবে না, যতক্ষণ বোমা বর্ষণ একেবারে থেমে যাবে।
এদিকে ইরানে এখনও খুব কম মানুষই বিশ্বাস করে যে সোমবার যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, তা দীর্ঘস্থায়ী হবে। ইরানের আকাশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় ইসরায়েল এত সহজে থামবে না বলেই তাদের অনুমান।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার
ইসরায়েলের হামলায় ইরানের অনেক সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও একটা জিনিস বোধহয় মোটাদাগে অক্ষতই আছে। তা হল- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিভিন্ন স্থানে থাকা অসংখ্য পাহাড় এবং সেগুলোর নিচে থাকা সুড়ঙ্গে অবস্থিত হওয়ায় সম্ভবত ইসরায়েল এই ভাণ্ডারগুলো খুঁজে পায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেছেন, ইরানের কাছে ‘আড়াই হাজারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আছে জেনেই’ আমরা আক্রমণ শুরু করেছিলাম।
ইরান পাল্টা যে হামলা চালিয়েছে তার কেন্দ্রেও ছিল তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
ইরানি শাসকদের হাতে এখনও আরও প্রায় দেড় হাজার ক্ষেপণাস্ত্র রয়ে গেছে, এগুলো নিয়ে তেল আবিবের উদ্বেগ থেকেই যাবে।
তাদের পাশাপাশি ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোরও আরেকটি গুরুতর উদ্বেগ থেকে যাবে, তা হল- ইরান হয়তো এখন তড়িঘড়ি পারমাণবিক অস্ত্র বানানোর দিকে ছুটবে। তেহরান অবশ্য অনেক আগে থেকেই তাদের এ ধরনের অস্ত্র বানানোর আকাঙ্ক্ষা নেই বলে দাবি করে আসছিল।
সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে ইরানের পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে হচ্ছে, কোনো কোনো স্থাপনা হয়তো আর কখনো ব্যবহারও করা যাবে না। এদিকে ইরান বলছে, তারা আগেই তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গোপন ও নিরাপদ একটি স্থানে সরিয়ে নিয়েছে।
তাদের কাছে যে পরিমাণ ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা যদি ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা যায় তাহলে তা দিয়ে ৯টি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে ৯০ শতাংশ মাত্রায় নিয়ে যাওয়া তুলনামূলক সহজ এবং কম সময় লাগে।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য একটি গোপন স্থাপনা বানানো হয়েছে এবং সেটি খুব শিগগিরই চালু হতে যাচ্ছে বলে ঘোষণাও দিয়েছিল।
আর এখন যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা অনেকখানি কমানোর পক্ষে ভোট দিয়েছে। এই বিল আইনে পরিণত হতে এখনও উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন বাকি আছে। তবে শেষ পর্যন্ত যদি হয়েই যায়, তাহলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পথে এক ধাপ অগ্রসর হবে।
চুক্তিটি থেকে বেরিয়ে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য সর্বোচ্চ ধর্মীয় নেতার ওপর ইরানের শাসকগোষ্ঠীর কট্টরপন্থি অংশ অনেকদিন ধরেই চাপ দিয়ে আসছিল।
আয়াতুল্লাহ খামেনি এখন হয়তো খানিকটা নিশ্চিত হতে পারেন এই ভেবে যে, আপাতত তার সরকার টিকে গেছে। কিন্তু তার বয়স এখন ৮৬, শরীরও সুস্থ নয়। এই অবস্থায় তার সময় যে সীমিত তা তিনি জানেন।
এখন তিনি হয়তো জ্যেষ্ঠ কোনো আলেম বা নেতাদের পরিষদের কাছে সুনিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর করে শাসনব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করে যেতে চাইবেন। আর এমন কোনো পরিস্থিতিতে পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাইতে পারেন বিপ্লবী রক্ষীবাহিনীর সেইসব শীর্ষ কমান্ডাররা, যারা এখনও বেঁচে আছেন।
