জার্মানিতে ব্যাংকের দেয়াল ছিদ্র করে বড় ধরনের চুরি
ব্যাংকের একটি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সেখানে খোঁজ করতে গিয়ে পুলিশ দেয়ালে ওই ফুটো দেখতে পায়।
জার্মানিতে একটি ব্যাংকের শাখায় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ড্রিল মেশিন দিয়ে দেয়ালে বড় ছিদ্র করে ব্যাংকটির ভল্টে ঢুকে অন্তত এক কোটি ইউরো নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
খ্রিস্টীয় বড়দিনের লম্বা ছুটির নিরিবিলি সময়টিতে দুঃসাহসিক চুরির এ ঘটনাটি ঘটেছে, জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর গেলজেনকির্খেনে স্পারকাসে ব্যাংকের শাখার একটি পুরু কংক্রিটের দেয়াল ড্রিল দিয়ে ছিদ্র করে অপরাধীরা ভেতরে প্রবেশ করে। তারা বেশ কয়েক হাজার নিরাপদ ব্যক্তিগত লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র ও নগদ প্রায় এক কোটি ইউরো হাতিয়ে নেয়।
২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হওয়া বড়দিনের ছুটিতে জার্মানির অধিকাংশ দোকানপাট ও ব্যাংক বন্ধ আছে। ২৯ ডিসেম্বর ভোররাতে ব্যাংকের একটি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সেখানে খোঁজ করতে গিয়ে পুলিশ দেয়ালে ওই ফুটো দেখতে পায়।
মঙ্গলবার ব্যাংকটির বহু ক্ষুব্ধ গ্রাহক ওই শাখার সামনে জড়ো হয়ে ‘আমাদের ভেতরে ঢুকতে দাও’ বলে শ্লোগান দেয়।
শাখার সামনে অপেক্ষারত এক ব্যক্তি সম্প্রচারমধ্যম ভেল্টকে বলেন, “সারারাত আমি ঘুমাতে পারিনি। আমরা কোনো তথ্য পাচ্ছি না।”
তিনি জানান, ২৫ বছর ধরে তিনি এই ব্যাংকের লকার ব্যবহার করছেন আর সেখানে তার বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় জমা ছিল।
ব্যাংকটির আরেক গ্রাহক জানান, নগদ টাকা ও গহনা রাখতে তিনি ব্যাংকটির লকার ব্যবহার করতেন।
রয়টার্স জানিয়েছে, গেলজেনকির্খেনের স্পারকাসে ব্যাংকের ওই শাখার একজন মুখপাত্র এ ঘটনা নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা শনিবার রাতে কয়েকজন লোককে বড় বড় ব্যাগসহ ব্যাংক ভবনের পার্কিং গ্যারেজের সংলগ্ন সিঁড়িকোঠায় দেখেছিলেন।
সোমবার ভোরে মুখোশ পরা ব্যক্তিদের একটি কালো রঙের আউডি গাড়িতে করে ওই গ্যারেজ ছাড়তে দেখা গেছে বলে খবর হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই গাড়িটির লাইসেন্সে প্লেটে যে নাম্বার ছিল সেটি ২০০ কিলোমিটারের বেশি উত্তরপূর্বের হ্যানোভার শহর থেকে চুরি হয়েছিল।
