Published : 31 Mar 2026, 05:48 PM
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখন গুটিয়ে আনতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করাকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি।
তাতে যদি হরমুজ প্রণালি অবরুদ্ধ থেকেও যায় তবুও। ট্রাম্প তার সহযোগীদেরকে এমন কথাই বলে দিয়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।
ইরান হরমুজ প্রণালি না খুললে দেশটির বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেবেন বলে ট্রাম্প কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসার পর সহযোগীদেরকে যুদ্ধ শেষ করার এই ইচ্ছা জানালেনঅ
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, “এমন হলে হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণ আরও বাড়তে পারে। সেক্ষেত্রে এই জলপথকে পুনরায় খোলার জন্য জটিল অভিযান পরে কোনও এক সময় শুরু করবেন তিনি।”
গত কয়েক দিন ধরেই বিভিন্ন খবরে বলা হচ্ছে, ইরান যুদ্ধ আর বেশি দিন টানতে চাইছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় আসতে চাইছেন তিনি।
সম্প্রতি কয়েকদিনে ট্রাম্প ও তার সহযোগীরা হিসাব-নিকাশ করে দেখেছেন যে, জোর করে হরমুজ প্রণালি খোলার চেষ্টা চালালে যুদ্ধ ৪ থেকে ৬ সপ্তাহের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাবে।
ট্রাম্প প্রশাসন এই যুদ্ধকে চার-ছয় সপ্তাহের বেশি টানতে চাইছে না। ইতোমধ্যেই যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে।
ধারণা করা হচ্ছে, সম্ভবত সেকারণেই এখন হরমুজ খোলার চেয়ে যুদ্ধ গুটিয়ে আনাকেই বেশি গুরুত্ব দিতে চাইছে ট্রাম্প প্রশাসন।
ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, আপাতত ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ভান্ডারকে অকেজো এবং দুর্বল করে যুদ্ধে ইতি টানাই মূল লক্ষ্য বলে স্থির করেছেন ট্রাম্প।
একই সঙ্গে বাণিজ্যপথ অবাধ রাখার জন্য ইরানের ওপর কূটনৈতিক চাপও দিয়ে যেতে চাইছেন তিনি। এই কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ইউরোপ এবং উপসাগরীয় বন্ধুদের সাহায্য চাইতে পারে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালি ফের খোলার জন্য যুক্তরাষ্ট্রের বন্ধুদেশগুলোকে এগিয়ে আসার জন্য প্রস্তাব দিতে পারে মার্কিন প্রশাসন।