সুদানে লড়াইয়ের মধ্যে আগুনে ধ্বংস আইকনিক টাওয়ার
নীল নদীর কাছে অবস্থিত আকাশচুম্বী টাওয়ারটি খার্তুমের মাইলফলকগুলোর একটি।
সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে তুমুল লড়াইয়ের মধ্যে একটি আইকনিক টাওয়ারসহ কয়েকটি সরকারি ভবন আগুনে পুড়েছে।
রোববার অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, গ্রেটার নিল পেট্রোলিয়াম অয়েল কোম্পানির টাওয়ার দাউ দাউ করে জ্বলছে।
নীল নদীর কাছে অবস্থিত ১৮ তলার এই তেল কোম্পানির আকাশচুম্বী টাওয়ারটি খার্তুমের মাইলফলকগুলোর একটি। আগুনে সেটি ধ্বংস হতে দেখে এর নির্মাতা এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লেখেন, “এটি সত্যই দুঃখজনক।”
সুদানের যুদ্ধ পর্যবেক্ষকরা বলেছে, শনিবার আরএসএফ সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালায়। আইন মন্ত্রণালয়ের একটি অফিস ব্লকেও এই হামলা হয়। এতে কয়েকটি সরকারি ভবনেও আগুন ধরে গেছে। রোববারেও চলেছে হামলা।
সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয় এপ্রিলে। তখন থেকেই রাজধানী খার্তুম এবং অন্যান্য নগরীতে বিমান হামলা ও স্থলহামলা চলছে। জাতিসংঘের হিসাবমতে, ১০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
