হোটেলে ৬ বিদেশিকে সায়ানাইড দিয়ে হত্যা করা হয়েছে: থাইল্যান্ড
মৃতদেহগুলোর ময়নাতদন্তে ও হোটেল কক্ষে থাকা একটি চায়ের পাত্রে দ্রুত ক্রিয়াশীল, প্রাণঘাতী রাসায়নিক সায়ানাইডের সন্ধান পাওয়া গেছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে যে ছয় বিদেশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের মৃত্যু সায়ানাইডের বিষক্রিয়ায় হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
লাশগুলো পরীক্ষা করে তাদের রক্তে সায়ানাইড পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বলা হচ্ছে, সন্দেহভাজন খুনিও তাদের মধ্যে আছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে গ্র্যান্ড হায়াত এরাওয়ান নামের এক পাঁচতারা হোটেলে ওই মরদেহগুলো পাওয়া যায়।
পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মৃতদেহগুলোর ময়নাতদন্ত এবং পান করার গ্লাসগুলিতে ও হোটেল কক্ষে থাকা একটি চায়ের পাত্রে দ্রুত ক্রিয়াশীল, প্রাণঘাতী রাসায়নিক সায়ানাইডের সন্ধান পাওয়া গেছে।
মৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। পুলিশ জানিয়েছে, তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন একটি বিনিয়োগকে সংক্রান্ত ঋণ নিয়ে বিরোধ ছিল। সায়ানাইড কীভাবে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।
মৃতদের সবাই ভিয়েতনামী। তাদের মধ্যে দুইজনের আমেরিকান নাগরিকত্ব আছে। পুলিশ জানিয়েছে, মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্তে সহযোগিতা করছে।
চুলালুংকর্ন হাসপাতালের কর্নখিয়েত ওংপাইসানসিন সাংবাদিকদের বলেন, “আমরা ধরে নিতে পারি যে ওই ছয়জন সায়ানাইডের বিষক্রিয়ায় মারা গেছেন।”
আরও পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
থাই পুলিশ কর্মকর্তা ত্রিরং ফিউপ্যান জানিয়েছেন, তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে হোটেল কক্ষের পানীয়তে ওই মৃত ছয়জনের মধ্যে কেউ একজন গোপনে সায়ানাইড মিশিয়েছে।
তিনি বলেন, “হোটেল কর্মীরা চায়ের কাপ, দু’টি গরম পানির বোতল, দুধ ও চায়ের পাত্র আনার পর ওই ছয়জনের মধ্যে কেউ একজন সায়ানাইড মেশায়।”
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর তদন্তের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের।
ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় মৃতদের মধ্যে চারজন ভিয়েতনামের নাগরিক বলে নিশ্চিত করেছে আর থাইল্যান্ডে তাদের দূতাবাস তদন্তে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সহযোগিতা করছে বলে জানিয়েছে।
আরও পড়ুন:
