ব্যাংককে হোটেল কক্ষে মিলল ৬ মরদেহ
মৃতরা বিষপ্রয়োগের শিকার হয়েছে বলে প্রথমিক তদন্তে ধারণা করা হচ্ছে- বলেছেন এক থাই পুলিশ কর্মকর্তা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিলাসবহুল একটি হোটেলের কক্ষ থেকে অন্তত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই ভিয়েতনামী বলে জানিয়েছে পুলিশ। তবে সরকার বলছে, মৃতদের কেউ কেউ ভিয়েতনামী-আমেরিকান।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রথমে বলা হয়েছিল, গ্র্যান্ড হায়াত এরাওয়ান নামের পাঁচতারা এই হোটেলে গোলাগুলি হয়েছে। কিন্তু পুলিশ এ খবর উড়িয়ে দিয়ে বলেছে, সেখানে গোলাগুলির কোনও আলামত পাওয়া যায়নি।
পরে সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিষক্রিয়ায় ছয়জনের মৃত্যু হয়েছে। যদিও এ তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে মৃত্যু ঘটল তার কোনও ব্যাখ্যাও পাওয়া যায়নি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, থাইল্যান্ডের ভাবমূর্তি এবং পর্যটনখাতের উপর এ ঘটনা প্রভাব ফেলুক তা তিনি চান না।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ ধারণা করছে, মৃতদেহগুলো ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে। তারা কিছু খেয়েছিল কিনা সেটি খতিয়ে দেখতে লাশগুলোর ময়নাতদন্ত এবং পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিবিসি জানায়, সপ্তম একজন ভিয়েতনামীও আছে বলে পুলিশের ধারণা। কিন্তু তাকে এখনও পাওয়া যায়নি। এর আগে থাই পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, তিন নারী এবং তিন পুরুষের মৃত্যু হয়েছে।
পুলিশের মেজর জেনারেল থিরাডেক থামসুথি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ,তারা বিষপ্রেয়োগের শিকার হয়েছে।
পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস খবরে বলেছে, “তাদের কক্ষে কোনও ধস্তাধস্তির আলামত পাওয়া যায়নি। বরং চা এবং কফি পান করা কাপ পাওয়া গেছে।”
হোটেল স্টাফের কাছ থেকে ফোনকল পাওয়ার পর স্থানীয় সময় বিকালের দিকে হোটেলটিতে পুলিশ ডাকা হয়।
