২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক, নিউজার্সি ও ভার্জিনিয়ায় নির্বাচন: ভোটারদের মনোভাবের ইঙ্গিত মিলবে ফলে

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সবার নজর জোহরান মামদানির দিকে। তিনি জয় পেলে শহরটির প্রথম মুসলিম মেয়র হিসাবে ইতিহাস গড়বেন।

নিউ ইয়র্ক, নিউজার্সি ও ভার্জিনিয়ায় নির্বাচন: ভোটারদের মনোভাবের ইঙ্গিত মিলবে ফলে
নিউ ইয়র্কের একটি ভোটকেন্দ্র। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নতুন মেয়র নির্বাচনের জন্য ভোট শুরু হয়েছে। একইসঙ্গে ভোট গ্রহণ হচ্ছে ভার্জিনিয়া এবং নিউ জার্সি রাজ্যের গভর্নর নির্বাচনেও। 

এসব জায়গাতেও ভোটকেন্দ্র খুলেছে। আগামী বছর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভোটারদের মনোভাব কী তার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাবে এই নির্বাচনগুলোর ফলে।

এ থেকে মিলতে পারে মধ্যবর্তী নির্বাচনের দিন নির্দেশনা। আর সে কারণেই এই নির্বাচনগুলো গুরুত্বপূর্ণ।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি, ৬৭ বছর বয়সী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছেন। আরেকজন হচ্ছেন, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।

তিনজনের মধ্যে মেয়র পদে লড়াই হবে। তবে জনমত জরিপে মামদানি এবং কামো দুইজনের চেয়েই পিছিয়ে আছেন স্লিওয়া।

নিউ ইয়র্কের নির্বাচনে সবার নজর জোহরান মামদানির দিকে। তিনি প্রগতিশীল এবং তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। জোহরান একজন মুসলিম অভিবাসী।

তিনি জয় পেলে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসাবে ইতিহাস গড়বেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে মামদানি নিউ ইয়র্ককে আরও সাশ্রয়ী করা নিয়ে প্রচার চালিয়েছেন।

তার প্রতিশ্রুতির মধ্যে আছে- বাসাভাড়া, মুদি বাজার এবং বেতনের মতো জীবন-যাত্রা ব্যয়ের বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া। তার এই উদ্যোগ ভবিষ্যৎ নির্বাচনী দৌড়ে কার্যকর বার্তা হিসাবে কাজ করে কিনা ডেমোক্র্যাটরা এখন সেটিই দেখার অপেক্ষায় আছে।

তবে নির্বাচনের আগের রাত পর্যন্ত জনমত জরিপে মামদানি এগিয়ে থাকলেও পরে তার সঙ্গে কুমোর জনসমর্থনের ব্যবধান কমতে দেখা গেছে। 

অপরাধ এবং জননিরাপত্তার বিষয়টি নিয়ে কুমো তুলোধুনো করেছেন মামদানিকে। সঙ্গে এও বলেছেন যে, তরুণ রাজনীতিবিদ হিসাবে মামদানির যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব আছে।

সোমবার রাতে কুমোকে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এই দুই প্রভাবশালী মানুষের সমর্থন ভোটারদের মন পরিবর্তন করেছে কিনা তা বোঝা যাবে নির্বাচনের ফলে।

নিউজার্সিতে হাড্ডাহাড্ডি লড়াই:

নিউ জার্সিকে ডেমোক্র্যাটিক রাজ্য হিসাবেই বিবেচনা করা হয়। তবে গভর্নর নির্বাচন সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে।

জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী মাইকি শেরিল সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াটারেল্লির চেয়ে। 

এবছর দুটি গভর্নর নির্বাচনের একটি হচ্ছে এই নির্বাচন। দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে মার্কিনিদের মনোভাব কী সেই ইঙ্গিত মিলতে পারে এই নির্বাচনের ফলে।

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচন:

ভার্জিনিয়ায় নেতৃত্ব সাধারণত, ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দোদুল্যমান থাকে। সেকারণে, এবছরের গভর্নর নির্বাচনের ফল নির্বাচকমণ্ডলীর মেজাজের দিকটিকে সামনে আনতে পারে।

যে প্রার্থীই জয় পাক এবছর রাজ্যটিতে প্রথম নারী গভর্নর নির্বাচিত হওয়ার ইতিহাস সৃষ্টি হবে। ভোটাররা বেছে নেবে নারী কংগ্রেস সদস্য ডেমোক্র্যাট আবিগাইল স্পানবারগার কিংবা রিপাবলিকান উইনসম আর্লে-সিয়ার্স এর মধ্যে একজনকে।

আর্লে সিয়ার্স জয় পেলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও রাজ্যের নেতৃত্বে প্রথম কৃষ্নাঙ্গ নারী।

ট্রাম্প ফ্যাক্টর:

ট্রাম্প এসব নির্বাচনের কোনোটিতেই ব্যালটে না থাকলেও তার প্রভাব আছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। 

মামদানি জিতলে নিউ ইয়র্কে ফেডারেল তহবিল কাটছাঁটের হুমকি দিয়েছেন ট্রাম্প। 

এই হুমকির মুখে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পাওয়া নতুন নেতা কীভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সামাল দিয়ে চলবেন সেটিই এখন দেখার বিষয়।