১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় 'সিডর' নামের একটি সৌদি ট্যাংকারে গত সোমবার হামলা চালায় ইরান। এতে দুই নাবিক নিহত হয়।

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দায় সৌদি আরব
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2026, 12:34 AM

Updated : 17 Sep 2026, 02:53 AM

একটি সৌদি তেল ট্যাঙ্কারে ইরানের হামলায় ফিলিপিন্সের দুই নাবিক নিহতের ঘটনায় বুধবার নিন্দা জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের শিপিং কোম্পানি বাহরি জানায়, সোমবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় 'সিডর' নামের ট্যাংকারটি হামলার শিকার হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলারও নিন্দা জানিয়েছে এবং এই তিন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে।

“উত্তেজনা প্রশমন করা, আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখা, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা, সুপ্রতিবেশীসুলভ নীতি, দেশগুলোর সার্বভৌমত্ব, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয় সৌদি আরব,” বলা হয় বিবৃতিতে।

ইরান এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এর আগে গত রোববার  যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তুগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছিল।

সৌদি আরব সংঘাত ও উত্তেজনা বন্ধ করা, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা রক্ষা করা এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতি মেনে চলারও আহ্বান জানিয়েছে তারা।

সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, সৌদি আরব সব পক্ষকে শান্ত হওয়া, সংঘাত বন্ধ করা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।

আঞ্চলিক অন্যান্য দেশগুলোও সৌদি ট্যাংকার ‘সিডর’ এর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি 'জঘন্য হামলা' এবং আন্তর্জাতিক আইনের 'গুরুতর লঙ্ঘন'।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতার চরম লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে কথা বলেছে এবং জানিয়েছে যে, তারা সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ছয় মাসেরও বেশি সময়ে হরমুজ প্রণালিতে ইরান কয়েক ডজন জাহাজে হামলা করেছে।

সংঘাত শুরু হওয়ার পরপরই ইরান বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারে বাধা দেওয়ার পদক্ষেপ নেয়, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের একটি প্রধান জলপথ।

সূত্র: আরব নিউজ