২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার শাদমানির মৃত্যু, প্রতিশোধের অঙ্গীকার

শাদমানির মৃত্যুতে ইরানের রেভল্যুশনারি গার্ডস ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইসরায়েলি হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার শাদমানির মৃত্যু, প্রতিশোধের অঙ্গীকার
আলি শামদানি। ছবি: এক্স/কাসেটাবস্ক

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 10:59 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

ইরানে ইসরায়েলের সামরিক হামলায় আহত দেশটির সবচেয়ে ঊর্ধ্বতন সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি শাদমানি মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শাদমানির মৃত্যুতে ইরানের রেভল্যুশনারি গার্ডস ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে।

শামদানি ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং রেভল্যুশনারি গার্ডস কমান্ড সেন্টারের প্রধান ছিলেন। গত ১৭ জুন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছিল।

তবে ইরানের পক্ষ থেকে তখন শামদানির মৃত্যু নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানাল।

ইরানের খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর আলি শামদানিকে এই পদে নিয়োগ করা হয়েছিল। 

খাতাম আল–আনবিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের নির্মাণ ও প্রকৌশল শাখা। এর অধীনে রেভল্যুশনারি গার্ড এবং নিয়মিত ইরানি সেনাবাহিনী উভয়ই যৌথভাবে সামরিক অভিযান পরিকল্পনা করে থাকে।

খাতাম আল–আনবিয়া সদরদপ্তরের দায়িত্ব নেওয়ার মাত্র চারদিনের মাথায় ইসরায়েল বিমান হামলায় শামদানিকে হত্যার দাবি করে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর ভাষ্যমতে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শাদমানি।