কিউবায় স্পিডবোটে গুলিতে হতাহতদের মধ্যে ‘আছে মার্কিন নাগরিকরাও’
ওয়াশিংটন এই ‘অতি অস্বাভাবিক’ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কিউবার উপকূলে একটি স্পিডবোটকে আটকানোর সময় কিউবান কর্মকর্তাদের গুলিতে অন্তত এক মার্কিন নাগরিক নিহত ও আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
বুধবার ফ্লোরিডায় নিবন্ধিত ওই স্পিডবোটের আরোহীদের মধ্যে চারজন কিউবার সীমান্তরক্ষীদের গুলিতে নিহত এবং বাকি ছয়জন আহত হয়।
হাভানার দাবি, নৌকায় থাকা এ ১০ জন কিউবায় ‘সন্ত্রাসী হামলা চালানোর লক্ষ্যে’ কিউবায় অনুপ্রবেশের চেষ্টায় ছিল এবং তারাই প্রথম কিউবার সীমান্তরক্ষীদের দিকে গুলি চালায়।
হতাহতদের মধ্যে তৃতীয় একজন কে-১ ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন বলে মার্কিন ওই কর্মকর্তার বরাত দিয়ে জানায় বিবিসি। সাধারণত মার্কিন নাগরিকদের বাগদত্তারা এ ভিসাটি পান।
স্পিডবোটটির মালিক বলছেন, তার নৌযানটি এক কর্মচারি চুরি করেছিলেন।
ওয়াশিংটন এই ‘অতি অস্বাভাবিক’ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কিউবার কর্তৃপক্ষ বলছে, হতাহত ১০ জনই কিউবার নাগরিক, থাকতেন যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডায় নিবন্ধিত স্পিডবোটটির বেশিরভাগ যাত্রীরই ‘আগে অপরাধমূলক ও সহিংস কার্যক্রমে জড়িত থাকার’ রেকর্ড রয়েছে।
এদের বাইরে আরও একজনকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছে হাভানা। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিও ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি তাদের।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বলেছিল, স্পিডবোটটি তাদের জলসীমায় ঢুকে পড়েছিল এবং উত্তর উপকূলে অবস্থিত ছোট দ্বীপ ‘কায়ো ফ্যালকনস থেকে এক নটিকাল মাইল দূরে ছিল’। সেসময় সীমান্তরক্ষীরা এটিকে আটকানোর চেষ্টা করে।
গোলাগুলিতে কিউবার নৌযানের কমান্ডারও আহত হয়েছে, বলছে তারা।
স্পিডবোটটি থেকে হ্যান্ডগান, বন্দুক, বিস্ফোরক পদার্থের পাশাপাশি আরও অনেক যন্ত্রপাতি ও সরঞ্জাম মিলেছে, বিবৃতিতে বলেছে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এমন এক সময়ে কিউবার উপকূলে এ ঘটনা ঘটল যখন হাভানা ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত মাসেই যুক্তরাষ্ট্র কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তার দেশের ভেতর থেকে অপহরণ করেছে, তারা কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহও বন্ধ করে দিয়েছে।
রুবিও বলেছেন, স্পিডবোট কাণ্ডটি যুক্তরাষ্ট্রের কোনো অভিযানের অংশ ছিল না, এবং এতে মার্কিন সরকারের কেউ জড়িতও নয়।
অন্যদিকে বৃহস্পতিবার কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল যে কোনো আগ্রাসন শক্ত হাতে মোকাবেলার অঙ্গীকার করেছেন।
