২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কাশ্মীরে জোড়া হামলায় নিহত ১, আহত ২

ভারতের লোকসভা নির্বাচনে স্থানীয় এক আসনে ভোট গ্রহণের দুই দিন আগে এসব হামলার ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 02:06 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে পৃথক দু’টি হামলার ঘটনায় সাবেক এক পঞ্চায়েত প্রধান নিহত ও রাজস্থান থেকে ঘুরতে যাওয়া এক দম্পতি আহত হয়েছেন।

ভারতের লোকসভা নির্বাচনে স্থানীয় এক আসনে ভোট গ্রহণের দুই দিন আগে শনিবার এসব হামলার ঘটনা ঘটেছে।

ভারতে ছয় সপ্তাহব্যাপী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাত পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে চার পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে, আরও তিন পর্ব বাকি আছে। ৪ জুন ভোট গণনার পর ফলাফল প্রকাশ করা হবে।

কাশ্মীরের শোপিয়ান জেলার হুরপুরা গ্রামে সাবেক গ্রাম পঞ্চায়েত প্রধান আইয়াজ আহমদ শেখকে গুলি করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

অপর ঘটনাটি ঘটে অনন্তনাগ জেলায়। এখানে রাজস্থানের জয়পুর থেকে আসা এক পর্যটক দম্পতি হামলাকারীদের গুলিতে আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোকসভার অনন্তনাগ-রাজৌরি আসনের ভোটের প্রচারণা চলার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে। ২৫ মে এখানে ভোট গ্রহণ করা হবে। অবশ্য তার আগে ২০ মে লোকসভার বারামুল্লা আসনে ভোট গ্রহণ করা হবে।  

জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলো এসব হামলার নিন্দা করেছে। নিহত আইয়াজ আহমদকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ।

গত মাসে রাজৌরিতে সরকারি এক কর্মীকে গুলি করে হত্যা করেছিল অজ্ঞাত বন্দুকধারীরা। এর আগে বিহার থেকে আসা এক শ্রমিককে ১৭ এপ্রিল অনন্তনাগে গুলি করে হত্যা করা হয়েছিল।