২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধের অবসান আগের যে কোনও সময়ের চেয়ে কাছে: ট্রাম্প

জার্মানিতে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ কয়েক ইউরোপীয় নেতার সঙ্গে দুই দিনের আলোচনার পর একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইউক্রেইন যুদ্ধের অবসান আগের যে কোনও সময়ের চেয়ে কাছে: ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 10:44 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেইন যুদ্ধের অবসান যে কোনও সময়ের চেয়ে এখন কাছে চলে এসেছে।

জার্মানির বার্লিনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি  এবং আরও কয়েক জন ইউরোপীয় নেতার সঙ্গে দুইদিনের আলোচনার পর সোমবার এই দাবি করেন ট্রাম্প।

হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদেরকে তিনি বলেন,  “আমি মনে করি আমরা এখন যুদ্ধ বন্ধে অন্য যে কোনও সময়ের চেয়ে একটি চুক্তিতে পৌঁছার কাছকাছি জায়গায় চলে এসেছি। আমরা দেখব আমরা কি করতে পারি।”

বার্লিনের বৈঠকে ট্রাম্পের পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছিলেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও। ট্রাম্প বলেছেন, আলোচনা খুবই ভাল হয়েছে। 

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও তার দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

সোমবার এক মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে মোটামুটি ৯০ শতাংশ বিষয়ের সমাধান হয়ে গেছে। কেবল ইউক্রেইনের ভূখন্ড ছাড়ের বিষয়টি এখনও সমাধান হয়নি।

আলোচনায় যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে পশ্চিমা সামরিক জোট নেটোর আর্টিকেল-৫ ধাঁচের নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। রাশিয়া এতে রাজি থাকবে বলেও আভাস দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

তবে নিরাপত্তার এই নিশ্চয়তা চিরকালের জন্য থাকবে না সে বিষয়েও সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা।

তবে জেলেনস্কি ওয়াশিংটনের দেওয়া নতুন নিরাপত্তা নিশ্চয়তার প্রশংসা করেছেন। কিন্তু ইউক্রেইন রাশিয়ার কাছে কোন অঞ্চল ছেড়ে দেবে সেই প্রশ্নে মতপার্থক্য রয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

একই সঙ্গে জেলেনেস্কির বিশ্বাস যে কিছুটা ঐক্যমত্য খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেবে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র।