২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ৪০টিরও বেশি বিক্ষোভ হয়েছে। ব্রিসবেনে বিক্ষোভে নামা ৫০ হাজার মানুষসহ দেশজুড়ে সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ
অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 24 Aug 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে অস্ট্রেলিয়ার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

রোববার অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ৪০টিরও বেশি বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনিপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। সিডিনি, ব্রিসবেন ও মেলবোর্নের বিক্ষোভে বহু মানুষ যোগ দিয়েছে।

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের হিসাবমতে, ব্রিসবেনের বিক্ষোভে যোগ দেওয়া প্রায় ৫০ হাজার মানুষসহ দেশজুড়ে বিক্ষোভে সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ মানুষ রাস্তায় নেমে আসে।

যদিও পুলিশ বিক্ষোভকারীদের এই সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেছে। পুলিশের হিসাবমতে, ব্রিসবেনে ১০ হাজারের মতো মানুষ জড়ো হয়েছিল। সিডনি ও মেলবোর্নে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে পুলিশ কোনও হিসাব দেয়নি।

সিডনিতে বিক্ষোভের আয়োজক জশ লিজ বলেছেন, গাজায় গণহত্যার অবসান এবং সরকারের কাছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি জানাতে অস্ট্রেলীয়রা একযোগে রাস্তায় নেমেছে।

বিক্ষোভকারীদের অনেকই ফিলিস্তিনের পতাকা হাতে রস্তায় নামে। তারা স্লোগানে দেয়, ‘ফিলিস্তিন মুক্ত কর, মুক্ত কর’ (ফ্রি, ফ্রি প্যালেস্টাইন)।

ওদিকে, অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রতিনিধিত্বকারী ‘এক্সেকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি’-এর সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজে অভিযোগ করে বলেছেন, বিক্ষোভের কারণে অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। এমনটি হওয়া উচিত নয়।

অস্ট্রেলিয়া সরকারের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা বাড়িয়ে দিয়েছেন।

এ পরিস্থিতির মধ্যেই অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনপন্থি এই বিক্ষোভ হল। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর দেখাদেখি অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিনকে শর্তসাপেক্ষে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দেশটির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়েছে।

গত ১১ অগাস্ট অস্ট্রেলিয়া সরকার ওই ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে সিডনির হারবার ব্রিজে শতসহস্র মানুষ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহের দাবিতে মিছিল করে। ফলে জনতার চাপে অস্ট্রেলিয়া প্রশাসন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস-নেতৃত্বাধীন হামলাকে কেন্দ্র করে গাজায় যুদ্ধ শুরু হয়। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে গাজায় এখনও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে  ইসরায়েলের নেতানিয়াহু সরকার।

গাজা কর্তৃপক্ষের হিসাবমতে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবিক ত্রাণ সংগঠনগুলো বলছে, খাদ্য সংকটের অভাবে গাজায় অনাহার বাড়ছে।