২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে আগুন

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, অন্তত ১১টি ড্রোন রাজধানী শহর এবং আশপাশের এলাকাগুলোকে নিশানা করেছিল।

ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে আগুন
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 08:51 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

রাশিয়ার দুটো জ্বালানি স্থাপনায় রাতভর ইউক্রেইনের কয়েকদফা ড্রোন হামলায় আগুন ধরে গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলায় ইউক্রেইনের ১৫৮টিরও বেশি ড্রোন রাজধানী মস্কোসহ ১৫টি অঞ্চলকে নিশানা করেছে। এই ড্রোনগুলোকে বাধা দিয়ে সেগুলোকে ধ্বংস করারও দাবি করেছে রুশ সামরিক বাহিনী। 

ড্রোন হামলার বিষয়ে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলার ফলে মস্কোর একটি তেল শোধনাগারের পৃথক একটি কারিগরি কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে। অন্তত ১১টি ড্রোন রাজধানী শহর এবং আশপাশের এলাকাগুলোকে নিশানা করেছিল।

মস্কো থেকে ১২০ কিলোমিটার দূরে টাভের অঞ্চলে কোনাকোভো পাওয়ার স্টেশনের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ওই স্টেশনে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম।

অঞ্চলটির গভর্নর ইগর রুদেনিয়া জানিয়েছেন, কোনাকোভস্কিতে হামলায় যে অগ্নিকাণ্ড ঘটেছে, তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। 

মস্কোর স্থানীয় কর্মকর্তারা এও জানিয়েছেন যে, ইউক্রেইনের ড্রোনগুলো মস্কোর কাশিরা বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা করেছিল। তবে এর ফলে কোনও অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 

বিবিসি ভেরিফাই স্যোশাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ভিডিও পরীক্ষা করে দেখেছে। তাতে তিনটি স্থাপনাতেই বিস্ফোরণ দেখা গেছে। ফুটেজে আগুন জ্বলতে দেখা গেছে সম্ভবত কোনাকোভো বিদ্যুৎকেন্দ্র এবং মস্কোর তেল শোধনাগারে।

ড্রোন হামলার বিষয়ে ইউক্রেইন কোনও মন্তব্য করেনি। তবে দেশটি কয়েক মাস ধরেই রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। কৌশলগত স্থাপনাগুলোকে নিশানা এক সপ্তাহেই একাধিক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেইনীয় বাহিনী।

বিবিসি জানতে পেরেছে, পশ্চিমা প্রযুক্তি এবং অর্থ সহায়তায় ইউক্রেইন রাশিয়ার ভেতরে শতাধিক দূরপাল্লার হামলা চালাচ্ছে।