২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত ৫

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছে, সঙ্গে ‘হামাস সংশ্লিষ্ট নন এমন একাধিক বেসামরিকেরও প্রাণ গেছে’।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত ৫
লেবাননের বেকা উপত্যাকায় ইসরায়েলের বিমান হামলা। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনত জবেইলে একটি ইসরায়েলি ড্রোন আঘাত হানার ঘটনায় তিন শিশুসহ ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় চলমান যুদ্ধের কারণে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত বেঁধে যাওয়ার পর গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তারপরও ইসরায়েল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এসব হামলা হচ্ছে বলে দাবি তেল আবিবের। 

রোববার ইসরায়েলি ওই ড্রোনটি একটি মোটরবাইক ও একটি গাড়িতে আঘাত হানে বলে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এ ঘটনায় দুইজন আহতও হয়েছে। 

লেবানিজ পার্লামেন্টের স্পিকার নাবি বেরি এক বিবৃতিতে বলেছেন, হামলায় তিন শিশু ও তাদের পিতা নিহত হয়েছে। তাদের মায়ের অবস্থা গুরুতর। এরা সবাই মার্কিন নাগরিক বলেও তিনি দাবি করেছেন। 

“পরিস্থিতি এখনও ঘোলাটে, তবুও যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বলা যায় যে এই ৫ জন মার্কিন নাগরিক নন। কেবল একজনের অতীতে একটি অব্যবহৃত অভিবাসন ভিসার আবেদন ছিল,” বলেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছে, সঙ্গে ‘হামাস সংশ্লিষ্ট নন এমন একাধিক বেসামরিকেরও প্রাণ গেছে’। 

ঘটনাটি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা। 

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাফ এক্সে দেওয়া এক পোস্টে এ হামলাকে ‘বেসামরিকদের ওপর নির্লজ্জ আক্রমণ’ অভিহিত করেছেন। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ফিরতে থাকা বাসিন্দাদের ভয় দেখাতে ইসরায়েল হামলার মাধ্যমে বার্তা দিচ্ছে বলেও অভিযোগ তার। 

যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তাদের মিত্ররা ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করছে।    

ইসরায়েল যখন লেবাননে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণের বিরাট ভূখণ্ড দখল করে নিচ্ছে, তখন নিরস্ত্রীকরণের আলোচনা শুরু করাটাই হবে ভুল, বলেছে হিজবুল্লাহ।