নেতানিয়াহুকে ক্ষমা, নয়তো মামলা বাতিলে ইসরায়েলের প্রতি আহ্বান ট্রাম্পের
২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ঘুষ গ্রহণ, প্রতারণা ও আস্থাভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল। কট্টর ডানপন্থি এ রাজনীতিক শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে কিংবা তার মামলা বাতিলে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী রক্ষা করবে, যেমনটা ওয়াশিংটন তার দেশকে করেছে।
২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ঘুষ গ্রহণ, প্রতারণা ও আস্থাভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল। কট্টর ডানপন্থি এ রাজনীতিক শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
তার বিরুদ্ধে তিন ফৌজদারি মামলায় ২০২০ সালে বিচারকাজ শুরু হয়; সবগুলোতেই নেতানিয়াহু নিজেকে নির্দোষ দাবি করেছেন।
‘বিবি নেতানিয়াহুর বিচার শিগগিরই বাতিল হওয়া উচিত, অথবা এ ‘গ্রেট হিরোকে’ ক্ষমা করে দেওয়া উচিত, যিনি তার রাষ্ট্রের (ইসরায়েল) জন্য অনেক কিছু করেছেন,” সোমবার আদালতে নেতানিয়াহুকে হাজিরা দিতে হবে জানতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বুধবার ট্রাম্প এমনটাই লিখেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুন তেল আবিবের আদালতে নেতানিয়াহুকে জেরা শুরু হয়েছে, এবং এটি শেষ হতে বছরখানেক লাগবে বলে অনুমান করা হচ্ছে।
নেতানিয়াহুকে ক্ষমা করার এখতিয়ার আছে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হেরজোগের। কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে ‘ক্ষমার সম্ভাবনা আপাতত নেই’- এমনটা বলেছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
“এ ধরনের কোনো আবেদন আসেনি,” প্রেসিডেন্ট হেরজোগকে উদ্ধৃত করে বলা হয়েছে প্রতিবেদনগুলোতে।
‘যোদ্ধা’ নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, “যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছে, এখন বিবি নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্রই রক্ষা করতে যাচ্ছে।”
ইসরায়েলকে ‘রক্ষা’ বলতে মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের যোগসাজশ ও সমর্থনকে বুঝিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
আইনি লড়াইয়ে নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র কী করতে পারে, ট্রাম্পের বক্তব্যে তা স্পষ্ট হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের এ রিপাবলিকান প্রেসিডেন্ট ইসরায়েলি নেতার বিরুদ্ধে চলা মামলাকে ‘উইচ হান্ট’ হিসেবে অভিহিত করেছেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পকে অনেকগুলো মামলার মুখোমুখি হতে হয়েছিল, সেসময় তিনি তার বিরুদ্ধে ডেমোক্র্যাটরা ‘উইচ হান্ট’ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন।
বুধবারের পোস্টে ট্রাম্প নেতানিয়াহুর ব্যাপক প্রশংসা করলেও মঙ্গলবার যুদ্ধবিরতির পর ইরানে ইসরায়েলের হামলা নিয়ে তেল আবিবকে কড়া ধমক দিয়েছিলেন।
“যখনই আমরা চুক্তি করলাম, তখনই ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ শুরু করল, এমনটা আমি আগে কখনো দেখিনি। আমাদের দেখা সবচেয়ে বড় বোমাবর্ষণ। আমি ইসরায়েলের এই কাজে সন্তুষ্ট নই,” সাংবাদিকদের এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
“ইরান আর ইসরায়েল এতদিন ধরে লড়াই করছে যে তারা জানেই না তারা কী করছে,” বলেছিলেন তিনি।
