Published : 26 Jan 2026, 12:11 PM
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলে ৩৫০ জনেরও বেশি আরোহী নিয়ে একটি ফেরিডুবির ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
রয়টার্স জানায়, সোমবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ফেরি এমভি ত্রিশা কারেস্তিন ৩ তখন মিন্দানাওয়ের বন্দর শহর জাম্বোয়াঙ্গা থেকে রওনা হয়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুলুর রাজধানী জোলোর পথে ছিল।
ফিলিপিন্সের কোস্ট গার্ড (পিসিজি) জানিয়েছে, এ পর্যন্ত ৩১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
পিসিজি জানিয়েছে, ফেরিটিতে অনুমোদিত যাত্রী বহন ক্ষমতা ছিল ৩৫২ জন। আর এটিতে তখন ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিল।
দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল দুয়া ফোনে রয়টার্সকে জানান, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো যেখানে তল্লাশি চালাচ্ছে সেখানে সমুদ্র তুলনামূলকভাবে শান্ত থাকায় অভিযানের গতি বাড়াতে সাহায্য করেছে।
তিনি আরও জানান, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা নির্ধারণ করতে একটি তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তা করতে সামরিক আকাশযান ও জাহাজ মোতায়েন করা হয়েছে।
দ্বীপ প্রদেশ বাসিলানের গভর্নর মুজিব হাতামান ফেইসবুকে মিন্দানাওয়ের ইসাবেলা বন্দর থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, উদ্ধার পাওয়া যাত্রীরা নৌকা থেকে নামছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে জনকে কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে আর অন্যদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।
হাতামান স্থানীয় এক রেডিওকে জানিয়েছেন, উদ্ধার পাওয়া জীবিতরা ভালোই আছেন, তবে বেশ কয়েকজন বয়স্ক যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
সাত হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপিন্সে প্রতি বছর ফেরি দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।