২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় নির্বিচার গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারী শনাক্ত

এই নারীর মানসিক সমস্যা ছিল আর তিনি মা ও সৎ ভাইকে হত্যার পর তার সাবেক স্কুলে গিয়ে হামলা চালান।

কানাডায় নির্বিচার গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারী শনাক্ত
টাম্বলার রিজের এই মাধ্যমিক স্কুলে গিয়ে নির্বিচার গুলিবর্ষণ করেন সন্দেহভাজন বন্দুকধারী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 10:06 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ছোট শহর টাম্বলার রিজের একটি মাধ্যমিক স্কুল ও বাড়িতে বন্দুকধারীর গুলির ঘটনার সন্দেহভাজন হিসেবে ১৮ বছর বয়সী এক নারীকে শনাক্ত করেছে পুলিশ। 

বুধবার পুলিশ জানায়, এই নারীর মানসিক সমস্যা ছিল আর তিনি মা ও সৎ ভাইকে হত্যার পর তার সাবেক স্কুলে গিয়ে হামলা চালান। 

কানাডার ইতিহাসে অন্যতম সবচেয়ে প্রাণঘাতী এই হত্যাকাণ্ডটির কারণ কী, তদন্তকারীরা তা জানাননি।  

রয়টার্স জানিয়েছে, হত্যাকারীকে ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার বলে শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার প্রায় আড়াই হাজার বাসিন্দার শহর টাম্বলার রিজে গুলি করে ৮ জনকে হত্যার পর তিনি আত্মহত্যা করেন। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনায় ১০ জন নিহত হওয়ার কথা বললেও পরে রুটসেলারসহ মোট ৯ জন নিহত হয়েছেন বলে জানায়। 

ব্রিটিশ কলম্বিয়ার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার ডেপুটি কমিশনার জানিয়েছে ডোয়েইন ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্রাদেশিক মানসিক স্বাস্থ্য আইনের আধীনে রুটসেলারকে মূল্যায়ন করার জন্য একাধিকবার আটক করা হয়েছিল। রুটসেলার একসময় স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু চার বছর আগে স্কুল থেকে বাদ পড়েন। 

টাম্বলার রিজের গুলিবর্ষণকারী জেসি ভ্যান রুটসেলার। ছবি: এক্স 

টাম্বলার রিজের গুলিবর্ষণকারী জেসি ভ্যান রুটসেলার

ম্যাকডোনাল্ড বলেছেন, “আমাদের সন্দেহভাজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উদ্বেগ মোকাবেলায় গত কয়েক বছরে পুলিশ ওই (পরিবারের) বাড়িতে অনেকবার গিয়েছিল।” 

রয়টার্স লিখেছে, প্রতিবেশী যুক্তরাষ্ট্রে স্কুলগুলোতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটলেও কানাডায় এ ধরনের ঘটনার কথা প্রায় শোনা যায়নি। প্রথমদিকে এর ধাক্কা সামলাতে দেশটির নেতারা হিমশিম খাচ্ছিলেন। 

দৃশ্যত বিচলিত কানাডার প্রধানমন্ত্রী মার্কি কার্নি সাংবাদিকদের বলেন, “আমরা এটা কাটিয়ে উঠব। আমরা এ থেকে শিখব।”  

এক পর্যায়ে কার্নিকে প্রায় কান্নারত দেখা যায়। তিনি ইউরোপ ভ্রমণ স্থগিত করেছেন আর আগামী সাত দিন দেশব্যাপী সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আদেশ দিয়েছেন।  

এর কয়েক ঘণ্টা পর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষের আইনপ্রণেতারা এ ঘটনায় এক মিনিট নীরবতা পালন করে শোক জানান।  

ম্যাকডোনাল্ড জানান, রুটসেলার পুরুষ হিসেবে জন্মেছিলেন কিন্তু ছয় বছর আগে নিজেকে নারী হিসেবে শনাক্ত করতে শুরু করেন। তিনি প্রথমে তাদের বাড়িতে তার ৩৯ বছর বয়সী মাকে আর তার ১১ বছর বয়সী সৎ ভাইকে হত্যা করেন। 

এরপর তিনি নিজের সাবেক স্কুলে গিয়ে ৩৯ বছর বয়সী এক নারী শিক্ষিকাকে গুলি করে হত্যা করেন। এরপর ১২ বছর বয়সী তিনজন মেয়ে শিক্ষার্থী এবং ১২ ও ১৩ বছর বয়সী দুই ছেলে শিক্ষার্থীকে হত্যা করেন। এ হামলার ঘটনায় আরও বহু শিক্ষার্থী আহত হয়, তাদের মধ্যে ১২ ও ১৯ বছর বয়সী দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।  

পুলিশ স্কুলটি থেকে একটি লম্বা বন্দুক ও একটি কাটা বন্দুক উদ্ধার করেছে।   

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক কল পাওয়ার দুই মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এ সময় রুটসেলার তাদের দিকেও গুলি ছোড়েন। এর কিছুক্ষণ পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্পষ্টত তিনি নিজেকে গুলি করেছিলেন আর সেই আঘাতে তার মৃত্যু হয়।  

এক সংবাদ সম্মেলনে ম্যাকডোনাল্ড বলেন, “আমাদের বিশ্বাস সন্দেহভাজন একাই এসব করেছেন। তার উদ্দেশ্য কী ছিল তা অনুমান করার সময় এখনও হয়নি।”  

পূর্বপরিকল্পিতভাবে কাউকে লক্ষ্যস্থল করা হয়েছিল এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে পুলিশ। 

কানাডার রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রাজা চার্লস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।