লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত
লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলি হামলায় খলিলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আর এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার হামলার কয়েক ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
লেবাননি সংবাদ মাধ্যম নাহারনেট জানিয়েছে, নিহত আমল খলিল আল-আখবার সংবাদপত্রের রিপোর্টার ছিলেন। আল-আখবার তার মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গ্রাম আল-তিরিতে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন।
লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলি হামলায় খলিলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আর এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
খলিল ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর যুদ্ধ শুরুর সময় থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশ থেকে লড়াইয়ের খবর সংগ্রহ করে আসছিলেন।
বুধবার সকালে রিপোটার্স উইদাউট বর্ডার (আরএসএফ) বিশ্ব সম্প্রদায়ের কাছে খলিলকে উদ্ধার করার অনুমতি দেওয়ার জন্য অবিলম্বে ইসরায়েলের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানায়।
আরএসএফ তখন বলেছিল, “তার জীবন এখন ঝুঁকির মুখে আছে! ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলার কারণে উদ্ধারকারীরা তার কাছে পৌঁছতে পারছে না।”
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তখন লেবাননি রেডক্রসকে খলিলকে উদ্ধার করতে কাজ শুরু করার আহ্বান জানান। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই খলিলের মৃত্যুর খবর আসে।
আউন ‘সম্ভাব্য সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উদ্ধার অভিযান চালানোর জন্য’ লেবাননি রেডক্রসকে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে সমন্বয় করার অনুরোধ জানিয়েছিলেন।
রেডক্রস এর আগে একই হামলায় আহত আরেক সাংবাদিক জাইনাব ফারাজকে উদ্ধার করে সরিয়ে নিতে সক্ষম হয়েছিল। একই জায়গায় একটি গাড়িতে চালানো ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হন, তাদের মৃতদেহও উদ্ধার করে রেডক্রস।
এলবিসিআই টেলিভিশন জানিয়েছে, উদ্ধারকাজ চালানোর সময় ইসরায়েলি বাহিনী রেডক্রস টিমের দিকে স্টান গ্রেনেড ছোড়ে তাদের আল-তিরি গ্রাম থেকে সরে যেতে বাধ্য করে। রেডক্রসের দলটি তখন সিদ্ধান্ত নেয়, পরে ফিরে এসে তারা সংবাদিক আমল খলিলের খোঁজ করবে।
ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, সীমান্তের কাছে তাৎক্ষণিকভাবে হুমকি হয়ে ওঠা ‘জঙ্গিদের একটি অবস্থানে’ একটি গাড়ি ও একটি অবকাঠামোতে আঘাত হানে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলায় সাংবাদিকরা আহত হয়েছেন, এমন খবর পেয়েছে তারা কিন্তু নিশ্চিত করতে পারছে না। আর উদ্ধারকারী দলগুলোকে ওই এলাকায় যেতে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছে তারা।
তারা ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে।
