নিরাপত্তা বৈঠক থেকে ইরানে মার্কিন হামলার ওপর নজর রাখছিলেন নেতানিয়াহু
সামরিক বাহিনীর প্রধান, মোসাদের প্রধান, জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং অর্থমন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠরা বৈঠকে উপস্থিত ছিলেন।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পুরো সময়জুড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে ছিলেন বলে।
এ সম্বন্ধে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
নেতানিয়াহুর ওই নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক শুরু হয় স্থানীয় সময় রাত ১০টায়; স্থানীয় সময় রাত আনুমানিক ৩টায় মার্কিন হামলা চলার সময়ও এ বৈঠক চলে। যুক্তরাষ্ট্রের হামলা শেষ হওয়ার পর আলোচনার ইতি ঘটে, বলেছে ওই সূত্র।
ইরানি স্থাপনায় মার্কিন বোমা হামলা অভিযান পর্যবেক্ষণে ইসরায়েল নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেছে বলে এর আগে আরেকটি সূত্র সিএনএনকে বলেছিল।
বৈঠকে নেতানিয়াহুর খুবই ঘনিষ্ঠ কয়েকজনসহ ইরান নিয়ে কাজ করা ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ করার মতো কর্মকর্তারা হচ্ছেন- নেতানিয়াহু ঘনিষ্ঠ রন ডারমার, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র, বলেছে সূত্রটি।
এদের পাশাপাশি বৈঠকে ছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ও গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান। কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচও সেখানে উপস্থিত ছিলেন।
হামলা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেছেন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানে হামলার সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন
তিনি বলেছেন, “অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ন্যায়সঙ্গত ও অসাধারণ শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে নিশানা করার যে সাহসী সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তা ইতিহাস বদলে দেবে।”
নেতানিয়াহু বলেন, “অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল সত্যিই অসাধারণ কিছু করেছে। কিন্তু আজ রাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র যা করেছে, তা অতুলনীয়। এমন কিছু করেছে, যা পৃথিবীর আর কোনো দেশ করতে পারত না। ইতিহাসে লেখা থাকবে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসনব্যবস্থাকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থেকে বঞ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছিলেন।”
অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তিনি একজোট হয়ে কাজ করেছেন।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা একটি দল হিসেবে কাজ করেছি। এমনভাবে আমরা কাজটা করেছি, যা সম্ভবত অতীতে কেউ কখনও করেনি। আমরা ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি দূর করতে অনেক দূর এগিয়েছি। ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাই।”
ইরান ‘পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি’ এমন অভিযোগ করে ইসরায়েলই গত ১৩ জুন আচমকা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর সূত্র ধরে সপ্তাহখানেকের বেশি সময় ধরে তেহরান ও তেল আবিব আকাশপথে একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা, পাল্টা হামলা চালাতে থাকে।
এবার যুক্তরাষ্ট্রও ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গী হল।
এ হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ বর্ণনা করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “এই সংঘাতের দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বেড়ে গেছে- যার ফল সাধারণ জনগণ, এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য মারাত্মক হতে পারে।”
তিনি এক্স পোস্টে বলেন, “এই সংকটময় মুহূর্তে বিশৃঙ্খলার চক্র এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সমাধান নেই। একমাত্র পথ কূটনীতি। একমাত্র আশা শান্তি।”
