২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ করা ভেনেজুয়েলার তেল রাখবে বা বিক্রি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ভেনেজুয়েলার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমাগত বাড়তে থাকার মধ্যে একথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।

জব্দ করা ভেনেজুয়েলার তেল রাখবে বা বিক্রি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ভেনেজুয়েলার উপকূলে জব্দ করা তেলবাহী ট্যাংকারগুলোসহ সেগুলোর অশোধিত তেল যুক্তরাষ্ট্র হয় নিজেই রাখবে কিংবা বিক্রি করে দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমাগত বাড়তে থাকার মধ্যে ট্রাম্প এই কথা বললেন।

সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, “জব্দ করা তেল আমরা রাখব। হয়ত বিক্রি করব, হয়ত রেখে দেব। হয়ত কৌশলগত মজুতেও আমরা এই তেল কাজে লাগাব। জাহাজগুলোও আমরা রাখছি।”

ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল থেকে আয়ের অর্থ মাদক-সংক্রান্ত অপরাধে ব্যবহারের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কারাকাস তাদের তেল জব্দ করাকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়েছে।

চলতি মাসে ভেনেজুয়েলার দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাছাড়া, মার্কিন কোস্ট গার্ড তৃতীয় একটি ট্যাংকারের পিছু নেয়, যাকে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ভেনেজুয়েলার ‘ডার্ক ফ্লিট’এর অংশ হিসেবে বর্ণনা করেছে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটি এগোচ্ছে, আমরা সেটিও ধরে ছাড়ব।”

আলাদাভাবে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় সন্দেহজনক একটি পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে।  এতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড।

তেল ট্যাংকার জব্দের লক্ষ্য মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি, এতে তা হতে পারে… তিনি (মাদুরো) কী করতে চান সেটি তার ব্যাপার। আমার মনে হয়, সেটা করাই  (ক্ষমতা ছাড়া) তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে আমরা দেখব কী হয়।”