উত্তরপ্রদেশে গাড়ির ভেতর আগুনে পুড়ে শিশুসহ ৮ জনের মৃত্যু
নৈনিতাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর প্রাইভেট কারটির দরজা ‘লক’ হয়ে যায়। যে কারণে ভেতরের যাত্রীরা আর বের হতে পারেননি।
ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে মহাসড়কে শনিবার মধ্যরাতে একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষের পর গাড়িতে আগুন লেগে একটি শিশুসহ আট যাত্রী পুড়ে মারা গেছে।
পুলিশ জানায়, নৈনিতাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর গাড়ির দরজা ‘লক’ হয়ে যায়। সেটি আর খোলা যাচ্ছিল না। তাই যাত্রীরা গাড়ি থেকে বের হতে পারেননি।
এ ঘটনার একটি ভিডিওতে সড়কে জ্বলতে থাকা গাড়ির পাশেই ট্রাকটিকে দেখা যায় বলে জানায় এনডিটিভি। ট্রাকটিতেও আগুন জ্বলছিল।
পুলিশ জানায়, গাড়িটি মহাসড়কে বিপরীত লেনে চলছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির যাত্রীরা একটি বিয়েতে অংশ নিতে যাচ্ছিল। পুড়ে যাওয়া মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
