২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুল্লাহর ওপর হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

“হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আছি আমরা, তাদের চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে,” ভিডিও বার্তায় বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

হিজবুল্লাহর ওপর হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর তীব্র গাঢ় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 12:58 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলার তীব্রতা বাড়াবে বলে এক ঘোষণায় বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আছি আমরা, তাদের চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।”

হিজবুল্লাহ’র ৬০০-র বেশি সদস্যকে হত্যা করা হয়েছে দাবি করে ইসরায়েলি এ প্রধানমন্ত্রী বলেন, “এখন দরকার হচ্ছে হামলা বাড়ানো, তীব্রতা বাড়ানো।”

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালিসহ দেশটির বিভিন্ন এলাকায় নতুন দফা হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। তারা যে লেবাননের দক্ষিণাঞ্চলের বাইরেও তাদের অভিযানের ক্ষেত্র বিস্তৃত করেছে, এ হামলাতেই তা বোঝা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। 

হিজবুল্লাহও ইসরায়েলি সেনা, ট্যাংক, সেনাছাউনি ও ভবন লক্ষ্য করে ২২টি ড্রোন ও রকেট ছোড়ার কথা জানিয়েছে। 

ইসরায়েলি মন্ত্রিপরিষদের দুই উগ্র কট্টরপন্থি সদস্য বেজালের স্মতরিচ ও ইতামার বেন গভির লেবাননে ইসরায়েলি অভিযান আরও বিস্তৃত করে বৈরুতও দখলে নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণ লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। 

দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি গত ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়, এরপর তা আরও ৪৫ দিন বাড়ানো হলেও ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত থামেনি। যুদ্ধবিরতি চলাকালেই এখন পর্যন্ত অন্তত ১০ ইসরায়েলি সেনা এবং চিকিৎসাকর্মীসহ ৪০০-র বেশি লেবানিজ নিহত হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ১০ লাখের বেশি মানুষকে। 

যুদ্ধ শেষের চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলাকালে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা জোরদারের ঘোষণা পশ্চিম এশিয়ায় আপাত শান্তি আনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। 

ইরান বারবারই বলেছে, যু্ক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি হতে হলে তাতে অবশ্যই পশ্চিম এশিয়ার সব রণাঙ্গনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা থাকতে হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ তেহরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালানো শুরু করলে যুদ্ধ লেবাননেও বিস্তৃত হয়।

লেবাননের সরকার বলছে, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সেই কাজ শেষ করতে হলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দরকার।