ইরানে বিক্ষোভে নিহত প্রায় ২০০০: ইরানি কর্মকর্তার স্বীকারোক্তি
ইরান কর্তৃপক্ষ প্রথমবারের মতো দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনাভিযানে এই বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথা স্বীকার করল।
ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা কর্মকর্তাসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে। ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।
এর মধ্য দিয়ে ইরান কর্তৃপক্ষ প্রথমবারের মতো দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনাভিযানে এই বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির বিষয়টি স্বীকার করল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা দাবি করেছেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী।
তবে নিহতদের মধ্যে কয়জন সাধারণ নাগরিক আর কয়জন নিরাপত্তা বাহিনীর সদস্য, সে বিষয়ে ভেঙে কিছু বলেননি তিনি।
গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সঙ্কটের জেরে ছোট ছোট বিক্ষোভ থেকেই ইরানে বিক্ষোভের শুরু। পরে তা ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন- সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ রাস্তায় নামতে থাকে লাগাতার।
গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। ইরানের নির্বাসিত শেষ শাহ এর ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদের ডাকের পরই রাস্তা জনসমুদ্রে পরিণত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শত শত মানুষের মৃত্যুর খবর আসতে থাকে। একাধিক মানবাধিকার গোষ্ঠীও বিপুল সংখ্যক প্রাণহানির তথ্য জানায়।
রোববার যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ ইরানের বিক্ষোভে ৫৪৪ জন নিহতের খবর জানিয়েছিল। তাছাড়া, এই সময়ে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষ গ্রেপ্তারও হয়েছে বলে জানিয়েছিল সংস্থাটি।
পরদিন সোমবার নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪৮ জনে দাঁড়ানোর খবর জানায় নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআরএনজিও)।
তবে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্যের প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কারণে হতাহতর সংখ্যা যাচাই করা কঠিন হচ্ছিল। ইরান সরকারও এর আগে আনুষ্ঠানিকভাবে কোনও নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
তবে তেহরানের মর্গগুলোর ভিডিওতে লাশের স্তুপের দৃশ্য বলে দিচ্ছিল দেশটিতে বিক্ষোভ কতটা প্রাণঘাতী হয়ে উঠেছে। অবশেষে ইরানের সরকারি কর্মকর্তা নিহতের সংখ্যা জানালেন।
ইরানের ওপর চাপ বাড়াতে সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইরানের সাথে ব্যবসা করা যেকোনও দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে।
এছাড়া বিক্ষোভ দমনের দায়ে ইরানকে শাস্তি দিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত।”
যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের সিদ্ধান্তে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে চীন, কারণ ইরানের তেলের প্রধান ক্রেতা তারাই। এছাড়া তুরস্ক, ইরাক, আরব আমিরাত ও ভারতও বড় অংকের বাণিজ্যের কারণে সংকটে পড়বে।
‘সরকারের পতন দেখছে জার্মানি’:
ইরানের পরিস্থিতি নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস মঙ্গলবার এক মন্তব্যে বলেছেন, তিনি বিশ্বাস করেন, বর্তমান ইরান সরকার পতনের মুখে দাঁড়িয়ে আছে।
ম্যার্ৎস বলেন, “আমার ধারণা আমরা এই শাসনের শেষ দিন বা সপ্তাহ প্রত্যক্ষ করছি।” তিনি আরও বলেন, যদি টিকে থাকার জন্য সহিংসতার আশ্রয় নিতে হয়, তবে সেই সরকারের আয়ু ফুরিয়ে এসেছে।
তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মান চ্যান্সেলরের এই মন্তব্যকে ‘দ্বিমুখী আচরণ’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন।
বিক্ষোভ সামলাতে তেহরান ‘দ্বিমুখী’ অবস্থান নিয়েছে:
একদিকে ইরান সরকার অর্থনৈতিক সংকটের কারণে হওয়া বিক্ষোভকে ‘বৈধ’ বলে অভিহিত করছে, অন্যদিকে রাজপথে কঠোর দমন-পীড়ন চালাচ্ছে।
সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেন, “সরকার নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী, উভয়কেই নিজেদের সন্তান মনে করে। আমরা তাদের কথা শোনার চেষ্টা করছি।”
একইসঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও নিশ্চিত করেছেন যে, সামরিক হামলা একটি বিকল্প হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ‘কূটনীতিই প্রথম পছন্দ’।
ইরানে ইন্টারনেট ও গ্রেপ্তার পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে সঠিক তথ্য পাওয়া কঠিন হলেও বিভিন্ন ভিডিওতে রাতভর সংঘর্ষ, গাড়িতে আগুন এবং গুলির শব্দ শোনা গেছে।
তেহরানের বেহেশত-ই-জাহরা কবরস্থানে নিহতদের পরিবারের সদস্যরা জড়ো হয়ে সরকার-বিরোধী স্লোগান দিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
