২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে ক্ষমতায় ফিরছে নীতীশ-বিজেপি জোট, বলছে বুথফেরত জরিপ

ভারতের নির্বাচনী ইতিহাসে দেখা যায়, বুথফেরত জরিপের পূর্বাভাস অনেকসময় মেলে না। তবে মিলে যাওয়ার নজিরও আছে। বিহারের ভোটের প্রকৃত ফল জানা যাবে ১৪ নভেম্বর।

বিহারে ক্ষমতায় ফিরছে নীতীশ-বিজেপি জোট, বলছে বুথফেরত জরিপ
ছবি: এক্স/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ভারতের বিহার রাজ্যে আবারও ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নীতীশ কুমারের দল জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট। মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর অধিকাংশ বুথ ফেরত জরিপেই এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। প্রায় সব বুথফেরত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এনডিএ-র পাঁচ দল (জেডিইউ, বিজেপি, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা) মিলে এই জাদুসংখ্যা ছুঁয়ে ফেলবে।

বেশিরভাগ জরিপের পূর্বাভাস অনুযায়ী, এনডিএর ঝুলিতে যেতে পারে ১৩৩ থেকে ১৬৭টি আসন, যা সরাসরি সরকার গঠনের রাস্তা খুলে দিচ্ছে নীতীশ কুমারের সামনে।

অন্যদিকে, মহাগঠবন্ধন  (আরজেডি-কংগ্রেস ও বামপন্থী মহাজোট) পিছিয়ে রয়েছে। তাদের প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে ৭০ থেকে ১০২-এর মধ্যে।

সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কিশোর (পিকে) এই নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছেন। তার নতুন দল জন সুরাজ পার্টি (জেএসপি) বেশিরভাগ জরিপেই একটির বেশি আসন পাচ্ছে না; কয়েকটি জরিপে শূন্য আসনের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

গত ৬ নভেম্বর প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়েছিল ৬৫ দশমিক ০৮ শতাংশ।

মঙ্গলবার দ্বিতীয় দফায় ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটের হার নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাবে ৬৭ শতাংশ পেরিয়েছে। বিহারের লোকসভা-বিধানসভা নির্বাচনের ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড।

পি-মার্ক, টিআইএফ রিসার্চ, দৈনিক ভাস্কর, ম্যাট্রাইজ ও পিপলস ইনসাইট  সব বুথ ফেরত জরিপেই এনডিএ-র পরিষ্কার জয়ের ইঙ্গিত মিলেছে। কিছু আসনে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে জরিপ সংস্থাগুলো।

যদিও ভারতের নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথফেরত জরিপের পূর্বাভাস মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। বিহারে প্রকৃত ফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত।