জেফরি এপস্টিন মামলায় অ্যান্ড্রুর সাক্ষ্য চান ডেমোক্র্যাটরা
কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রুর সম্পৃক্ততা নিয়ে কিছু প্রশ্নের জবাব দেওয়ার দাবি তুলেছেন মার্কিন হাউজ ওভারসাইট কমিটির অন্তত চার ডেমোক্র্যাট সদস্য।
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন মামলা তদন্তে নিয়োজিত কংগ্রেস কমিটির সদস্যরা ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে এই কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পৃক্ততা নিয়ে কিছু প্রশ্নের জবাব দেওয়ার দাবি তুলেছেন হাউজ ওভারসাইট কমিটির অন্তত চার ডেমোক্র্যাট সদস্য।
এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে তীব্র সমালোচনার পর যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু ‘প্রিন্স’ উপাধি খোয়ানোর পর এই দাবি জোরাল হয়েছে। অ্যান্ড্রু অবশ্য ভুল কোনওকিছু করার কথা অস্বীকার করেছেন।
ওদিকে, তদন্ত কমিটিতে রিপাবলিকানদের আধিপত্য থাকায় তারা এখনও এ বিষয়ে সমর্থন দেওয়ার ইঙ্গিত দেয়নি।
ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য সুহাস সুব্রামনিয়াম বিবিসি-কে বলেছেন, “যদি তিনি (অ্যান্ড্রু) নিজের নামের কলঙ্ক মোচন এবং ভুক্তভোগীদের জন্য ঠিক কাজটি করতে চান, তাহলে তিনি এগিয়ে আসবেন।
“অ্যান্ড্রু চাইলে সশরীরে না এসেও সাক্ষ্য দিতে পারেন, আইনজীবী সঙ্গে রাখতে পারেন এমনকি ব্যক্তিগতভাবেও কমিটিতে কথা বলতে পারেন।”
শনিবার বিবিসি’র রেডিও ফোরস টুডে প্রোগ্রামে সুব্রামনিয়াম বলেন, “অ্যান্ড্রুর নাম ভুক্তভোগীদের কাছ থেকে বহুবার এসেছে। তাই তিনি নিঃসন্দেহে জানেন কী ঘটেছিল।
“আমরা শুধু চাই তিনি এসে সেসব কথা আমাদেরকে জানান। তিনি আমেরিকান কিনা সেটি কোনও বিষয় না। প্রত্যককেই খতিয়ে দেখা উচিত।”
তদন্ত কমিটির আরেক ডেমোক্র্যাটিক সদস্য রাজা কৃষ্ণমূর্তি বিবিসি নিউজনাইট-কে বলেন, তিনি অ্যান্ড্রুর সাক্ষ্য গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে সমন জারি করতে ইচ্ছুক। যদিও যুক্তরাষ্ট্রের বাইরে থাকার কারণে সেটি করা কঠিন হবে বলে তিনি স্বীকার করেছেন।
শুক্রবার তিনি বলেছিলেন, অ্যান্ড্রু যুক্তরাষ্ট্রে আসতে চাইলে বা এখানে থাকলে তিনি যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার আওতায় থাকবেন এবং আমি আশা করব তিনি সাক্ষ্য দেবেন।
এরপর অ্যান্ড্রুকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পরিষ্কার থাকুন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সামনে আসুন। স্বেচ্ছায় সাক্ষ্য দিন। সমন জারির অপেক্ষা করবেন না। আসুন এবং আপনি যা জানেন তা বলুন।”
আরেক ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য স্টিফেন লিঞ্চ বিবিসি-কে বলেন, অ্যান্ড্রুর সাক্ষ্য ভুক্তভোগীদের ন্যায়বিচার পেতে সহায়ক হতে পারে। যদিও বর্তমান পরিস্থিতিতে তাকে সমন পাঠানো সম্ভব নয়।
ওদিকে, এপস্টিনের যৌন নিপীড়নের শিকার লিজ স্টেইন শনিবার বিবিসি-কে বলেন, “অ্যান্ড্রুর উচিত নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের সহযোগিতা করা। লুকানোর যদি কিছু না থাকে, তাহলে তিনি এড়িয়ে যাচ্ছেন কেন?”
“আমরা জানি, এপস্টিনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাই তিনি নিশ্চয়ই কিছু বিষয় দেখেছেন।
সম্প্রতি আদালতের প্রকাশিত নতুন নথিতে দেখা গেছে, ২০১০ সালে এপস্টিন কারাগার মুক্ত হওয়ার পর অ্যান্ড্রু তাকে ইমেইলে লিখেছিলেন, 'সরাসরি দেখা করে কথা বললে ভাল হয়।'
সেই বছরই ডিসেম্বরে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একসঙ্গে দুইজনের ছবি দেখা যায়। পরে অ্যান্ড্রু দাবি করেন, সম্পর্ক ছিন্ন করতেই ওই সাক্ষাত করেছিলেন তিনি।
এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব এবং কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর থেকে বেকায়দায় থাকা অ্যান্ড্রুকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয় চলতি মাসের শুরুতে ভার্জিনিয়া জিউফ্রের আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর।
এ বছরের শুরুতে আত্মহত্যা করা জিউফ্রে তার আত্মজীবনীতে লিখে গেছেন, কিশোরী বয়সে তিনবার তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌনকর্ম করতে হয়েছিল। অ্যান্ড্রু বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে তারপরও তাকে দিতে হয়েছে খেসারত।
বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, রাজার ভাই অ্যান্ড্রু এখন থেকে ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর’ নামে পরিচিত হবেন। অর্থাৎ ‘প্রিন্স’ এবং ‘ডিউক অফ ইয়র্ক’-এর মতো রাজকীয় খেতাব ব্যবহার করতে পারবেন না তিনি।
অবশ্য এপস্টিন-বিতর্ক দানা বেঁধে ওঠার পর চলতি মাসের শুরুর দিকে অ্যান্ড্রু নিজেই ‘ডিউক অফ ইয়র্ক’ উপাধি ব্যবহার না করার ঘোষণা দিয়েছিলেন।
কেবল রাজকীয় খেতাবই নয়, রাজ পরিবারের সদস্য হিসেবে অ্যান্ড্রুর প্রাপ্য ভাতা এবং উইন্ডসরে বরাদ্দ রাজকীয় বাসভবন ‘রয়্যাল লজ’-এ বসবাসের অধিকারও বাতিল হয়েছে।
