পশ্চিমাদের সতর্ক করতেই বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন: পুতিন
তবে রাশিয়াকে এখনই পারমাণবিক অস্ত্রের শরণ নিতে হবে বলে মনে করছেন না তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বেলারুশে স্বল্প পাল্লার ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র স্থাপন করা হয়েছে পশ্চিমাদের এটা স্মরণ করিয়ে দিতে যে, তারা রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করতে পারবে না।
এর মাধ্যমে তিনি প্রথমবার বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে গুরুত্বপূর্ণ এক অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় সাবেক এ কেজিবি কর্মকর্তা বলেন, ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে এরই মধ্যে ট্যাকটিকাল পারমাণবিক ওয়ারহেড সরবরাহ করা হয়েছে, যদিও রাশিয়াকে এখনই পারমাণবিক অস্ত্রের শরণ নিতে হবে বলে মনে করেন না তিনি।
“আপনারা জানেন, আমরা আমাদের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্রের কিছু অংশ বেলারুশের ভূখণ্ডে স্থানান্তরের বিষয়ে আলোচনা করছিলাম, এটা হয়ে গেছে।
“পারমাণবিক ওয়ারহেডের প্রথম অংশটুকু বেলারুশের ভূখণ্ডে চলে গেছে, তবে কেবল প্রথম অংশটুকুই গেছে। আমরা পুরো কাজ গ্রীষ্মের শেষ বা বছর শেষ হওয়ার আগেই সমাপ্ত করে ফেলবো,” বলেছেন তিনি।
কাছাকাছি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের লক্ষ্যে বানানো স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্রকে ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র বলে; দূরপাল্লার হলে বলে স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবার রাশিয়ার বাইরে এই ট্যাকটিকাল ওয়ারহেড ইউক্রেইনকে সমর্থন ও অস্ত্র দেওয়ার ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করতেই মোতায়েন করা হয়েছে, বলেছেন পুতিন।
“এটা মূলত প্রতিরোধের উপাদান, যেন যারা আমাদের স্ট্র্যাটেজিক পরাজয়ের কথা ভাবছে, তা যে পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, যেন তারা তা বুঝতে পারে,” রুশ প্রেসিডেন্ট এখানে ‘স্ট্র্যাটেজিক পরাজয়’ বলে যে কূটনৈতিক শব্দবন্ধ ব্যবহার করেছেন, তার অর্থ হচ্ছে, এমনভাবে রাশিয়াকে হারানো যেন পরাশক্তি হিসেবে মস্কোর প্রভাব বিশ্বমঞ্চ থেকে কয়েক দশকের জন্য গায়েব হয়ে যায়।
পুতিনের মিত্র লুকাশেঙ্কো গত মঙ্গলবার বলেছিলেন, তারা রাশিয়ার কাছ থেকে যেসব ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র পাওয়া শুরু করেছেন, সেগুলো যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে জাপানে যেগুলো ফেলেছিল, তার তিনগুণ বেশি শক্তিধর।
এ বছরের মার্চে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনে সম্মতির কথা জানিয়ে পুতিন গত কয়েক দশক ধরে ইউরোপে মিত্র দেশগুলোতে যুক্তরাষ্ট্রের একই ধরনের অস্ত্র মোতায়েনের দিকে আঙ্গুল তুলেছিলেন।
রুশ প্রেসিডেন্টের এ পদক্ষেপের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছিল, স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান বদলানোর বিন্দুমাত্র ইচ্ছা তাদের নেই, তাছাড়া রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণও দেখছে না তারা।
কেবল ওয়াশিংটন আর এর মিত্ররাই নয়, রাশিয়ার এ পদক্ষেপের দিকে চীনও কড়া নজর রাখছে। ইউক্রেইন যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে বেইজিং বারবার সতর্কও করেছে।
পুতিন বলছেন, পশ্চিমারা ইউক্রেইনে রাশিয়ার ‘স্ট্র্যাটেজিক পরাজয়’ চায়, কিন্তু অস্তিত হুমকির মুখে না পড়লে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নেই।
“পারমাণবিক অস্ত্র বানানোই হয়েছে বৃহত্তর অর্থে আমাদের নিরাপত্তা নিশ্চিতে ও রুশ দেশের অস্তিত্ব রক্ষায়। এখন সেগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা দেখছি না আমি,” বলেছেন তিনি।
পশ্চিমারা যে রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে ছোট করে আনতে বলে, তা তাদের স্বার্থে বলে বলেও মত তার। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ারই আছে।
সম্মেলনে উপস্থিত রাজনীতিক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট দৃঢ় কণ্ঠে বলেন, কিইভবাহিনীর পাল্টা আক্রমণ এখন পর্যন্ত কার্যকর কোনো সফলতা দেখেনি।
ইউক্রেইনের বাহিনীর তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে, এবং রাশিয়ার সেনাদের সামনে তাদের দাঁড়ানোর সক্ষমতা নেই, বলেছেন তিনি।
তার ভাষ্য, শিগগিরই ইউক্রেইনের নিজস্ব সামরিক সরঞ্জাম ফুরিয়ে যাবে, এরপর তারা পুরোপুরি পশ্চিমাদের দেওয়া যন্ত্রপাতির ওপর নির্ভরশীল হয়ে পড়বে, যা তাদের দীর্ঘসময় লড়ার সক্ষমতা নস্যাৎ করবে।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশে সামরিক অভিযান শুরুর সময় পুতিন ইউক্রেইনের ‘নিরস্ত্রীকরণ’ ও দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করার উদ্দেশ্যের কথা বলেছিলেন।
সেইসব উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “নিরস্ত্রীকরণের কথা বললে, ইউক্রেইন শিগগিরই তাদের নিজস্ব অস্ত্র শেষ করে ফেলবে। কিছুই থাকবে না। যা দিয়ে তারা লড়বে, যা তারা ব্যবহার করবে, সবই থাকবে পশ্চিমাদের সরবরাহ করা। এভাবে আপনি বেশিদিন লড়তে পারবেন না,” বলেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন আরও বলেছেন, জার্মানির বানানো লেপার্ডের মতো পশ্চিমাদের দেওয়া যুদ্ধাস্ত্র ইউক্রেইনে ধারাবাহিকভাবে ধ্বংস হচ্ছে। যদি কিইভ তার মিত্রদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বানানো এফ-১৬ যুদ্ধবিমান পায়, সেগুলোও নিশ্চিহ্ন হয়ে যাবে।
“এফ-১৬ও পুড়বে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সেগুলো ইউক্রেইনের বাইরে রাখা হয়, এবং সেখান থেকে যুদ্ধ করতে উড়ে আসে, তাহলে কীভাবে সেগুলোর মোকাবেলা করতে হবে, কোথায় সেগুলোর সঙ্গে মোকাবেলায় নামতে হবে, তা আমাদের ভেবে দেখতে হবে,” বলেছেন তিনি।
এ ধরনের কিছু ঘটলে তা নেটোকে সংঘাতে আরও টেনে আনার মতো ‘গুরুতর বিপদ’ হাজির করবে, বলেছেন তিনি।
