রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, দেখতে যাচ্ছেন স্বজনরা
যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশের পর তাকে দেখতে বালমোরাল প্রাসাদে একে একে উপস্থিত হচ্ছেন তার সন্তান-সন্ততিরা।
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বৃহস্পতিবার এ খবর পাওয়ার পরই রানিকে দেখতে বালমোরাল প্রাসাদে ছুটে যাচ্ছেন তার সন্তান-সন্ততি ও শুভাকাঙ্খীরা। তারা কেউ কেউ এরই মধ্যে প্রাসাদে পৌঁছেছেন। আবার কেউ কেউ রয়েছেন পথে।
বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজ (বৃহস্পতিবার) সকালে বেশকিছু পরীক্ষার পর রানির চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসা তত্ত্বাবধানে রাখার পরামর্শ দিয়েছেন।
‘‘রানি বালমোরালে আছেন এবং সেখানে তার কোনও অসুবিধা হচ্ছে না” বলেও জানানো হয় বিবৃতিতে।
রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৯৬ বছর। এই সময়ে তার স্বাস্থ্য জটিলতা নিয়ে প্রাসাদ থেকে এমন বিবৃতি আসাটা উদ্বেগের বলেই জানিয়েছেন রাজকীয় লেখক রবার্ট হার্ডম্যান।
বিবিসি কে তিনি বলেন, প্রাসাদ থেকে সাধারণত রানির স্বাস্থ্য নিয়ে এমন বুলেটিন দেওয়া হয় না, যদি না সেটি গুরুতর হয়।
রানি কোভিড আক্রান্ত হওয়ার সময় কেবল সেটি জানানোর জন্য সর্বশেষ প্রাসাদ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
রানির স্বাস্থ্য ভাল না যাওয়ায় বুধবার একটি অনলাইন বৈঠক পিছিয়ে দেওয়া হয়। তারপরই রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের এই খবর এল। বুধবারই চিকিৎসকরা রানির বিশ্রামের প্রয়োজন বলে পরামর্শ দিয়েছিলেন।
রানির শরীর ভালো নেই এমন খবর ছড়িয়ে পড়ার পর সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা লিজ ট্রাস থেকে শুরু করে যুক্তরাজ্যের আরো বেশ কয়েকজন নেতা রানির দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন।
গত মঙ্গলবার রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ট্রাস। সাধারণত এ অনুষ্ঠান লন্ডনের বাকিংহাম প্যালেসে হয়। কিন্তু এবার রানি সেখানে যাননি। ট্রাস স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রানির কাছে সরকার গঠনের অনুমতি নিয়েছেন।
এক টুইটে ট্রাস লেখেন, ‘‘আমার প্রার্থনা এবং যুক্তরাজ্যের সব মানুষের প্রার্থনা এই সময়ে রানি এবং তার পরিবারের সঙ্গে আছে।”
লেবার নেতা কেয়ার স্টারমার এক টুইটে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা সার্জেন লিখেছেন, তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং তিনি রানির প্রতি তার ‘প্রার্থনা ও শুভকামনা’ পাঠিয়েছেন।
এবছরই রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। রানি বর্তমানে গ্রীষ্মকালীন বিশ্রাম নিচ্ছেন এবং গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন।
রানির সঙ্গে দেখা করতে এরইমধ্যে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং ক্যামিলাসহ রানির চার সন্তানই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌছেঁছেন। সেখানে উপস্থিত হয়েছেন রানির নাতি প্রিন্স উইলিয়ামও।
ডিউক আর ডাচেস অফ সাসেক্স, হ্যারি ও মেগান- এখন স্কটল্যান্ডের পথে আছেন। ওদিকে, রানির শুভাকাঙ্খীরা বালমোরাল প্রাসাদের গেটে এবং লন্ডনে বাকিংহাম প্রাসাদের গেটেও জড়ো হচ্ছেন।
রাজ জীবনীকার রবার্ট হারম্যান বলেছেন, আজকে রানি স্বাস্থ্য নিয়ে উদ্বেগের খবর দেশে তার গুরুত্বের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে।
তিনি বলেন, রানি যুক্তরাজ্যের ইতিহাসে যে কোনও শাসকের চেয়ে অন্যরকম। “তিনি আমাদের দীর্ঘজীবী, দীর্ঘদিন সেবা দেওয়া এবং দীর্ঘদিন সিংহাসনে থাকা শাসক।”
রানি সিংহাসনে আরোহণের আগে থেকে জনগণের প্রতি তার দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। তিনি নির্ভরযোগ্যতা, স্থায়ীত্ব এবং স্থিতিশীলতারই অন্য নাম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষও তাকে প্রায় সময়ই আপন করে নিয়েছে।
“এখন হঠাৎ, এমন এক সময়ে আমরা সবাই উপলব্ধি করতে পারছি তিনি কতটা গুরুত্বপূর্ণ,” বলেন হারম্যান।
রানির অসুস্থতার খবরে বাকিংহাম প্রাসাদের বাইরে জড়ো হওয়া পর্যটকদের কারও কারও চোখে পানি। তারা রানির খবর শুনে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন।
তবে তারা বলছেন, রানিকে তার স্বামীর মৃত্যুর পর থেকেই দুর্বল দেখাচ্ছিল। রানির স্বাস্থ্য নিয়ে ভাল খবর পাবেন এমনটিই আশা করেন বলে জানিয়েছেন এই পর্যটকরা।
যুক্তরাজ্যের সব রাজনীতিবিদদের পাশাপাশি রানির জন্য শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।
