২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্সেস ডায়ানার ফোর্ড এসকর্ট বিক্রি হল সাড়ে ৬ লাখ পাউন্ডে

একটি ফোর্ড এসকর্টের দাম এতটা উঠবে, নিলামকারীও তা ভাবেননি।

প্রিন্সেস ডায়ানার ফোর্ড এসকর্ট বিক্রি হল সাড়ে ৬ লাখ পাউন্ডে

১৯৮৫ সালের অগাস্ট থেকে তিন বছর ফোর্ড এসকর্ট গাড়িটি ব্যবহার করেছিলেন প্রিন্সেস ডায়ানা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 01:09 PM

Updated : 28 Aug 2022, 03:58 PM

গত শতাব্দীর আশির দশকে প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা কালো রঙের একটি গাড়ি নিলামে বিক্রি হল ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে।

বিবিসি জানিয়েছে, সিলভারস্টোন অকশনসের নিলামে ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি কিনে নিয়েছেন চেশায়ারের এক ব্যক্তি। তবে তার নাম প্রকাশ করেনি নিলামকারী সংস্থা।

ব্রিটিশ রাজপরিবারের বধূ প্রিন্সেস আব ওয়েলস ডায়ানা ১৯৮৫ সালের অগাস্ট থেকে তিন বছর গাড়িটি ব্যবহার করেছিলেন। চেলসি ও কেনসিংটনে বুটিক শপের সামনে ‘সি৪৬২এফএইচকে’ নম্বরপ্লেটের ওই গাড়ির বাইরে দাঁড়ানো কয়েকটি ছবিও আছে তার।

ডায়ানা সাধারণত নিজে গাড়ি চালাতে পছন্দ করতেন। তিনি যখন গাড়ি চালাতেন, রাজ পরিবারের সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত রয়্যালটি প্রটেকশন কমান্ডের একজন বসতেন গাড়ির প্যাসেঞ্জর সিটে।

বলা হচ্ছে, শনিবার বিক্রি হওয়া গাড়িটি ফোর্ডের আরএস টার্বো সিরিজ ওয়ানের প্রথম এবং একমাত্র কালো গাড়ি। এই সিরিজের বাকি সব গাড়ি সাদা।

বিবিসি লিখেছে, ডায়ানার গাড়ি যেন অন্য গাড়ির সাথে গুলিয়ে না যায়, সেজন্যই এ ব্যবস্থা। রয়্যালটি প্রটেকশন কমান্ড এ বিষয়ে ফোর্ডের সাথে একটি চুক্তিও করেছিল।

নিলামকারী জনাথন হাম্বার্ট বলছেন, ডায়ানার এই গাড়ি নিয়ে মানুষের মধ্যে দারুণ আগ্রহ দেখেছেন তারা। গত ১২ বছরে সিলভারস্টোন অকশনস আর কোনো গাড়ির জন্য এত ফোন পায়নি।

Image

১৯৯৭ সালের ৩১ অগাস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়না

নিলামে ডাক শুরু হয়েছিল এক লাখ পাউন্ড থেকে। এক পর্যায়ে দুবাই এবং ইংল্যান্ডের কভেন্ট্রির দুই সম্ভাব্য ক্রেতার মধ্যে প্রতিযোগিতা শুরু হয় গাড়িটি কেনার জন্য।

ডাক উঠতে উঠতে যখন সাড়ে ৪ লাখে পৌঁছালো, তখন নিলামে যোগ দেন চেশায়ারের সেই ক্রেতা। শেষ পর্যন্ত তার সাড়ে ছয় লাখ পাউন্ডের ডাকে হাল ছেড়ে দেন ‍দুবাই আর কভেন্ট্রির দুই ক্রেতা। শেষ পর্যন্ত প্রিমিয়ামসহ মোট ৭ লাখ ৩০ হাজার পাউন্ডে হস্তান্তর হয় গাড়িটি।

একটি ফোর্ড এসকর্টের দাম যে এতটা উঠবে, নিলামকারী জনাথন হাম্বার্টও তা ভাবেননি। অবশ্য তার ভাষায়, ডায়ানার ব্যবহৃত এ গাড়ি ‘ইতিহাসের অংশ’।

এর আগেও ডায়ানার গাড়ি বিক্রির জন্য নিলামে তুলেছে সিলভারস্টোন। ২০২১ সালের জুন মাসে ডায়ানার ব্যবহৃত আরেকটি ফোর্ড এসকর্টের দাম উঠেছিল ৫২ হাজার পাউন্ড।

সিলভারস্টোন অকশনসের দুষ্প্রাপ্য গাড়ির বিশেষজ্ঞ অরওয়েল রিচার্ডস বলেন, শনিবারের নিলামে গাড়িটি শেষ পর্যন্ত যে দামে বিক্রি হয়েছে, তাতে সবাই বেশ অবাক। তার ধারণা, কালো রঙের ফোর্ড এসকর্ট আর না থাকা এবং ডায়ানার জন্য মানুষের আবেগই এ গাড়িকে আগ্রহের কেন্দ্রে নিয়ে গেছে।

নিলাম শুরুর আগে রিচার্ডস বলেছিলেন, যে ভাগ্যবান এ গাড়ি কিনতে যাচ্ছেন, তিনি আসলে বিনিয়োগ করছেন দুইভাবে। এই মডেলের যে গাড়িগুলো সবচেয়ে ভালো অবস্থায় আছে, তার মধ্যে এটি একটি। আর এ গাড়ির সঙ্গে জড়িয়ে আছে ব্রিটেনের সামাজিক ইতিহাসের একটি অংশ।

“এ গাড়িটি পরিচিত ছিল ‘পিপলস স্পোর্টস কার’ হিসেবে, আর এ গাড়ি চালাতেন সাধারণের রাজকুমারী ‘ডায়ানা’।

১৯৯৭ সালের ৩১ অগাস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়না। সে সময় লিমোজিনে ডায়ানার সঙ্গে ছিলেন তার প্রেমিক দোদি আল ফায়েদ, দুর্ঘটনায় তারও মৃত্যু হয়।