দক্ষিণ কোরিয়া: প্রেসিডেন্টের ক্ষমা পেলেন স্যামসাংয়ের জে ওয়াই লি
ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের দায়ে সাজা হয়েছিল তার।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত স্যামসাং ইলেকটনিক্সের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি’কে ক্ষমা করে দিয়েছেন।
দেশটির আইন মন্ত্রণালয় পরে জানায়, ‘জাতীয় অর্থনৈতিক সংকট’ কাটিয়ে উঠতে এ ব্যবসায়ী নেতার সহযোগিতা দরকার, সেজন্যই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।
লি’কে ক্ষমা করে দেওয়াটা মূলত প্রতীকী; ১৮ মাস জেল খাটার পর থেকে তিনি প্যারোলে মুক্তই আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার পর তিনি এখন আরও স্বাধীনভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড করতে পারবেন।
“জাতীয় অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের তাগিদে প্রযুক্তিখাতে বিনিয়োগ ও চাকরি সৃষ্টির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধির ইঞ্জিনকে নেতৃত্ব দেওয়া অর্থনৈতিক নেতাদের সতর্কতার সঙ্গে বেছে নিয়ে ক্ষমা করা হয়েছে,” ব্রিফিংয়ে বলেছেন দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী হ্যান দং হুন।
স্যামসাংয়ের প্রতিষ্ঠাতার বংশধর লি দক্ষিণ কোরিয়ার সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় অর্থনীতির বিকাশে কঠোর পরিশ্রম করার অঙ্গীকার করেছেন।
“ধারাবাহিক বিনিয়োগ ও চাকরি সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখবো আমি এবং জনগণ ও সরকারের আস্থার প্রতিদান দেবো,” লি’ এমনটাই বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্যামসাং।
দক্ষিণ কোরিয়ার ব্যবসাবান্ধব প্রেসিডেন্ট ইয়ুন স্যামসাংয়ের লি’র পাশাপাশি ঘুষ লেনদেনের দায়ে আড়াই বছরের কারাদণ্ডে দণ্ডিত লোটে গ্রুপের চেয়ারম্যান শিন ডং-বিনকেও ক্ষমা করে দিয়েছেন।
“ক্ষমা করে দিতে সরকার ও জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। চেয়ারম্যান শিন ডং-বিন ও লোটের কর্মীরা জটিল এ বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে অবদান রাখবে,” বিবৃতিতে বলেছে লোটে।
