২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে সেতু ভেঙে এসিডবাহী ট্যাঙ্কার নদীতে, নিহত ১

ডুবে যাওয়া ট্যাঙ্কারটি থেকে সালফিউরিক এসিড বের হচ্ছে এমনটি শনাক্ত হওয়ার পর ডুবুরিরা উদ্ধার প্রচেষ্টা স্থগিত করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 03:41 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় ও উত্তরপূর্বাঞ্চলীয় দু’টি রাজ্যকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ে একজন নিহত হয়েছেন ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় সালফিউরিক এসিডবাহী একটি ট্যাঙ্কারসহ তিনটি ট্রাক তোকানটিনস নদীতে পড়ে ডুবে যায়।  

দেশটির জাতীয় পরিবহন পরিকাঠামো বিভাগ জানায়, তোকানটিনস রাজ্যের আগিয়ানোপলিস শহরের সঙ্গে মারেনেও রাজ্যের ইসতেৃইতো শহরকে সংযোগকারী ৫৩৩ মিটার দীর্ঘ সেতুটির মাঝের স্প্যান স্থানীয় সময় রোববার বিকালে ভেঙে পড়ে।     

দমকল পরিষেবার তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় একজন নিহত হয়েছেন ও অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

ঘটনার সময় আগিয়ানোপলিস শহরের কাউন্সিলর ইলিয়াস জুনিয়র কর্তৃপক্ষের কাছে সেতুটির সমস্যা তুলে ধরতে একটি ভিডিও করছিলেন। তার অভিযোগ, সেতুটি ভারী ভারী ট্রাক বহন করার মতো অবস্থায় আর ছিল না। ভিডিওতে তিনি সেতুটির মাঝ বরাবর একটি ফাটল তুলে ধরছিলেন। 

এ সময় তার সামনেই মাঝের স্প্যানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি দৌঁড়ে পেছনে চলে আসেন। তার করা ভিডিওটি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। জুনিয়র এ ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিভাবে সাড়া দেননি।   

প্রাথমিক হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় তিনটি ট্রাক, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। এসব যানবাহনে অন্তত ১১ জন ছিলেন। নদীটি গভীরতা ৫০ মিটারেরও বেশি।  

তোকানটিনস রাজ্যের দমকল বাহিনী জানায়, ডুবে যাওয়া একটি ট্যাঙ্কার থেকে সালফিউরিক এসিড বের হচ্ছে এমনটি শনাক্ত হওয়ার পর ডুবুরিরা সন্ধ্যার দিকে উদ্ধার প্রচেষ্টা স্থগিত করেন।  

জুসেলিনো কুবিশেকি জি অলিভেইরা সেতুটি ১৯৬০ সালে উদ্বোধন করা হয়েছিল। স্টিলের পাত, লোহার রড বসিয়ে মজবুতভাবে তৈরি করা সেতুটি ব্রাজিলের বিআর-২২৬ মহাসড়কের অংশ ছিল। 

এই মহাসড়কটি রাজধানী ব্রাজিলিয়াকে ব্রাজিলের নিম্ন আমাজন অঞ্চলের বন্দর শহর বেলিংয়ের সঙ্গে যুক্ত করেছে। আগামী বছর বেলিংয়ে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন হওয়ার কথা আছে।