ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভ-সংঘর্ষ
বিরোধীরা নির্বাচন কমিশনের ঘোষিত ফল নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্বব্যাপী কয়েকটি দেশও ভেনেজুয়েলার নির্বাচনি ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণার পরই বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গত রোববারের এই নির্বাচনি ফলের বিরুদ্ধে প্রতিবাদে নামা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়েছে।
সোমবার সন্ধ্যায় কারাকাসের রাস্তায় নামে হাজার হাজার মানুষ। অনেকেই মাইলের পর মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যান। ‘মুক্তি, মুক্তি!’, ‘এই সরকারের পতন হোক’ বলে স্লোগান দেন তারা।
বিরোধীরা নির্বাচন কমিশনের ঘোষিত ফল নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্বব্যাপী কয়েকটি দেশও ভেনেজুয়েলার নির্বাচনি ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
বিরোধীরা নির্বাচনে মাদুরোর জয় দাবিকে জালিয়াতি আখ্যা দিয়েছে। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এই নির্বাচনে বিশ্বাসযোগ্য জয় পেয়েছেন। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপও মাদুরোর এই প্রতিপক্ষর স্পষ্ট জয়ের আভাস পাওয়া যাচ্ছিল।
বিবিসি জানায়, ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট নিয়ে গণঅসন্তোষের মধ্যে গত ১১ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গঞ্জালেজকে সমর্থন দিয়েছিল।
কিন্তু নির্বাচনের ৮০ শতদাংশ ভোট গণনার পর ভেনেজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষ ‘ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল’ (সিএনই) মাদুরোকে ৫১ দশমিক ২ শতাংশ ভোটে তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করে।
এরপরই নির্বাচনে জালিয়াতির বিরুদ্ধে রাস্তায় নামা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং তাদের প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে যেতে বাধা দিতে কারাকাসের রাস্তায় জল কামানসহ ব্যাপক সংখ্যক সামরিক এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
বিভিন্ন ভিডিও ফুটেজে মহাসড়কে টায়ার জ্বলতে এবং রাস্তায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হতে দেখা গেছে। তাদেরকে লক্ষ্য করে মোটরবাইকে থাকা পুলিশ সদস্যদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করতেও দেখা গেছে ফুটেজে।
কিছু এলাকায় মাদুরোর পোস্টার ছিঁড়ে, পুড়িয়ে ফেলা হয়েছে এবং টায়ার, গাড়ি এবং আবর্জনাও জ্বালিয়েছে বিক্ষোভকারীরা। একপর্যায়ে সশস্ত্র পুলিশ, সামরিক এবং বামপন্থি আধাসামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং শহরের কেন্দ্রের চারপাশের সড়কগুলো বন্ধ করে দেয়।
ভেনেজুয়েলা সরকার বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে পানামা এবং ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে ভেনেজুয়েলায় যাওয়া-আসার বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করেছে।
বিবিসি বেশকিছু মানুষের সঙ্গে কথা বলেছে যারা লা লুচা নামে পরিচিত একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিক্ষোভে অংশ নিয়েছিল, যার মানে ‘লড়াই’।
তাদেরই একজন বলেছেন, “এই ভোট ছিল ভয়ংকর, জালিয়াতিপূর্ণ। আমরা ৭০ শতাংশ ভোট পেয়ে জিতেছি, কিন্তু তারা আবার আমাদের সঙ্গে একই জিনিস করেছে। তারা আবার আমাদের কাছ থেকে নির্বাচন ছিনিয়ে নিয়েছে।আমরা আমাদের তরুণদের জন্য, আমাদের দেশের জন্য ভাল ভবিষ্যত চাই।”
ওই বিক্ষোভকারীর বাবাও ছেলের সঙ্গে একমত পোষণ করে বলেন: “তিনি নির্বাচনে হেরেছেন এখন তার সেখানে থাকার কোনও অধিকার নেই।আমরা তরুণদের জন্য ভাল ভবিষ্যত চাই, কারণ তা না হলে তারা দেশ ছেড়ে চলে যাবে। যেখানে তারা ভাল কাজ করতে পারে এবং ভাল আয় করতে পারে সেখানে চলে যাবে। আমাদের সমৃদ্ধ দেশ আছে এবং তিনি(মাদুরো)সবকিছু ধ্বংস করে দিচ্ছেন। যদি যুবকরা সবাই চলে যায়, তবে ভেনেজুয়েলায় শুধু বৃদ্ধ মানুষই থাকবে, শুধু প্রবীণ নাগরিকরা।”
আরেক বিক্ষোভকারী বলেন, “প্রেসিডেন্ট মাদুরো দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার সময় দেশে কোনও পরিবর্তন হয়নি। উপরন্তু প্রেসিডেন্ট শ্যাভেজ মারা যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।”
কোনও কোনও বিক্ষোভকারী ভেনেজুয়েলায় আগের সময়ের মতো বিপর্যয় ঘনিয়ে আসা ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের সহায়তাও চেয়েছেন।
বেশ কয়েকটি পশ্চিমা এবং লাতিন আমেরিকান দেশের পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক নানা সংস্থা এরই মধ্যে ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে আলাদা আলাদা ভোট কেন্দ্র থেকে ভোটদানের রেকর্ড প্রকাশের আহ্বান জানিয়েছে।
আর্জেন্টিনা প্রেসিডেন্ট মাদুরোর বিজয়কে স্বীকৃতি দেয়নি। ভেনেজুয়েলা এর প্রতিক্রিয়ায় বুয়েনস আইরেস থেকে কূটনীতিকদের প্রত্যাহারও করেছে। অন্য ৬ লাতিন আমেরিকার দেশ চিলি, কোস্টারিকা, পানামা, পেরু, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়ে থেকেও কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো নির্বাচনি ফল বিতর্কিত করার জন্য বিরোধীদের অভ্যুত্থান আহ্বানকে দোষারোপ করেছেন। তিনি বলেন, আজ আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেটি এই প্রথম নয়। তারা আবার দেশে অভ্যুত্থান ঘটিয়ে শাসন ব্যবস্থার পতন ঘটাতে চাইছে বলে তিনি অভিযোগ করেন।
গত ২৫ বছর ধরে ভেনেজুয়েলায় ক্ষমতায় রয়েছে সমাজতান্ত্রিক পার্টি। ২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরোর শাসনাধীনে রয়েছে ভেনেজুয়েলা। দেশের বহু ভোটারই শাসনব্যবস্থার পরিবর্তন চান।
