২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ের হামলাস্থল পেনসিলভেনিয়ায় আবার ট্রাম্পের সমাবেশ

সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “সেদিন ১৫ সেকেন্ডের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল। কিন্তু শত্রুদের উদ্দেশ্য সফল হয়নি।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 07:31 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছিল। এবার পেনসিলভেনিয়ার সেই স্থানেই নির্বাচনি প্রচারনায় এবং সমর্থকদের সঙ্গে মত বিনিময় করতে আবার গেলেন ট্রাম্প। 

বিবিসি জানায়, গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী প্রচারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী। প্রাণে বেঁচে গেলেও কানে গুলি লাগে তার। কিন্তু সেই গুলিতে এক স্বেচ্ছাসেবী দমকলকর্মী নিহত হন। এতে তার দুই সমর্থকও আহত হন। 

পরবর্তীতে নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী। এবার আবার সেই মঞ্চে ফিরে সমাবেশে উপস্থিত তার সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “ সেদিন ১৫ সেকেন্ডের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল। কিন্তু শত্রুদের উদ্দেশ্য সফল হয়নি।” 

তবে ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই এবারের সমাবেশকে ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা। সিক্রেট সার্ভিসও বাড়তি নজরদারি ব্যবস্থা নেয়। নিরাপত্তার স্বার্থে বুলেটপ্রুফ কাচের বাক্স থেকে ভাষণ দেন ট্রাম্প। বলেন, 'আমি কখনওই আপনাদের জন্য লড়াই বন্ধ করিনি। করবও না।’

সম্প্রতি ট্রাম্পের এই সমাবেশে উপস্থিত ছিলেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স, ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্ক। 

ট্রাম্প তার ভাষণে মার্কিন পররাষ্ট্রনীতিতে "সম্মান" ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি তিনি "উন্মুক্ত সীমান্ত" বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ট্রাম্প আরও বলেন, “আপনারা এমন এক সরকার পাওয়ার যোগ্য, যে সরকার দেশের নাগরিকদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে পারবে। আপনার সার্বভৌমত্ব, নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করতে পারবে।”

তবে ট্রাম্প বারবার আগেরবারের হামলার কথা উল্লেখ করেন। সমাবেশের এক পর্যায় ট্রাম্প নিহতের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন।  

ট্রাম্প ধনকুবের ইলন মাস্কেরও প্রশংসা করেন এবং তাকে মঞ্চে আমন্ত্রণ জানান। 

 মঞ্চে উপস্থিত হয়ে সমাবেশে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে ইলন মাস্ক বলেন, "এবারের নির্বাচন আমাদের জীবদ্দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।”  তিনি ভোটারদের ট্রাম্পকে জয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানান।