২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হলেও ট্রাম্পের দাবি, তা পুরোপুরি ধ্বংস হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প
ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ‘কয়েক দশক’ পিছিয়ে গিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সামান্য হোঁচট খেয়েছে মাত্র, পুরোপুরি বন্ধ করা যায়নি। কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া গেছে।

তবে ট্রাম্প এই গোয়েন্দা মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন। নেটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে এবং তা ধ্বংস হয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন  “মূলত কয়েক দশক।”

তিনি আরও বলেন, “আমি মনে করি তারা এটি পেলে নরকে যেত....সবশেষ তারা যা চেয়েছিল সেটা হল সমৃদ্ধকরণ। ওই আঘাত (ইরানে হামলা) যুদ্ধের অবসান ঘটিয়েছে”।

ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য নিয়ে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, “তারা আসলেই জানে না। ইরানে হামলায় পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই অভিযানকে নিখুঁত বলে বর্নণা করেছিলেন জানিয়ে ট্রাম্প বলেন, তদন্ত প্রতিবেদনটি ‘প্রাথমিক’ এবং এর একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে।

গোয়েন্দা প্রতিবেদন নিয়ে প্রথম যেসব গণমাধ্যম খবর প্রকাশ করেছে তাদেরও সমালোচনা করেছেন ট্রাম্প। বুধবার নেটো সম্মেলনে যোগ দেওয়ার সময় তিনি গণমাধ্যমে আসা খবরকে ‘ভুয়া’ আখ্যা দেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল অভিযানকে খাটো করে দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

মূলত ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা হওয়ার পরই ট্রাম্প জানিয়েছিলেন, ‘সফলভাবে’ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেগুলো ধ্বংস হয়েছে। 

এরপরে গত কয়েক দিনে বার বার একই দাবিই করে এসেছেন ট্রাম্প ও তার প্রশাসন। ট্রাম্প এখনও তার পুরনো অবস্থানেই অনড়।

 ইসরায়েল ও ইরানের সংঘাতের বর্ণনা ট্রাম্প দিয়েছেন এভাবে, “এ যেন একই স্কুল প্রাঙ্গনে দুই শিশু”। 

ওদিকে গাজা যুদ্ধের ক্ষেত্রেও "বড় অগ্রগতির কথা জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, “গাজা নিয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা।”