২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বিপরীতে বাইডেনের তুলনায় ভালো করছেন হ্যারিস: জরিপ

অন্তত দুটো জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে নভেম্বরের আসন্ন নির্বাচনের ফল নির্ধারণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে জনসমর্থনে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের ব্যবধান কমে এসেছে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 26 Jul 2024, 04:33 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রার্থী হওয়ার পথে থাকা কমলা হ্যারিস অল্প দিনেই জনসমর্থনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পের কাছাকাছি চলে এসেছেন। এমনকি আগের ডেমোক্র্যাটিক প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ভাল অবস্থানে উঠে এসেছেন তিনি। 

বৃহস্পতিবার অন্তত দুটো জনমত জরিপে দেখা গেছে, ৫ নভেম্বরের নির্বাচনের ফল নির্ধা্রণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের ব্যবধান কমে এসেছে।

এমারসন কলেজ/দ্য হিল পরিচালিত এই জরিপের ফলে দেখা যায়, গুরুত্বপূর্ণ এমন চারটি রাজ্যে  ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। অ্যারিজোনায় ট্রাম্পের সমর্থন ৪৯% আর হ্যারিসের ৪৪%, জর্জিয়ায় ট্রাম্প ৪৮% এবং হ্যারিস ৪৬%, মিশিগানে ট্রাম্প ৪৬% আর হ্যারিস ৪৫%, পেনসিলভেইনিয়ায় ট্রাম্প ৪৮% এবং হ্যারিস ৪৬% সমর্থন পেয়েছেন। 

এছাড়া, উইসকনসিনে ট্রাম্প এবং হ্যারিস সমান জনসমর্থন পেয়েছেন। দুইজনই পেয়েছেন ৪৭ শতাংশ  সমর্থন। 

নির্বাচনি দৌড় থেকে বাইডেন গত রোববার সরে দাঁড়ানোর পরই তার জায়গায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। নির্বাচনি প্রচার সমাবেশগুলোতেও হ্যারিস ভাল বক্তব্য রাখছেন।

বাইডেন প্রার্থী থাকার সময়ে পরিচালিত বিভিন্ন জনমত জরিপে তাকে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছিল। কিন্তু কমলা হ্যারিস  জনসমর্থনে ৫ পয়েন্ট এগিয়ে গিয়ে ট্রাম্পের কাছাকাছি চলে   এসেছেন। 

কিছু কিছু জরিপে ট্রাম্প-হ্যারিসের ব্যবধান দুই কিংবা এক পয়েন্ট, কিছু জরিপে সমানে সমান, আবার কোনও কোনও জরিপে ট্রাম্পের থেকেও হ্যারিসকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে।

গত  ২২-২৩   জুলাইয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ১,১৪২ জনের ওপর পরিচালিত নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের জরিপের ফল প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। 

এতে দেখা গেছে, ট্রাম্পের বিপরীতে বাইডেনের তুলনায় ভাল ফল করেছেন হ্যারিস। নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের ব্যবধান দেখা যাচ্ছে মাত্র ২ শতাংশ পয়েন্ট (ট্রাম্প ৪৮% আর হ্যারিস ৪৬%); যেখানে আগে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান ছিল ৮ শতাংশ পয়েন্ট (ট্রাম্প ৪৯% আর বাইডেন ৪১%)। 

এর আগে মঙ্গলবার প্রকাশিত রয়টার্স/ইপসোস পরিচালিত জনমত জরিপের ফলে দেখা যায়, ট্রাম্পের চেয়ে জনসমর্থনে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন। হ্যারিস পেয়েছেন ৪৪ শতাংশ আর ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ সমর্থন।

আরও চারটি জরিপে  ট্রাম্প এবং হ্যারিসের ব্যবধান কম দেখা গেছে। ২২-২৩  জুলাইয়ে  পরিচালিত সিএনএন/এসএসআরএস জরিপে দেখা যায়, ট্রাম্প এবং হ্যারিসের ব্যবধান মাত্র ২ পয়েন্ট (ট্রাম্প ৪৭%-হ্যারিস ৪৫%)। 

মর্নিং কনসাল্ট জরিপে ট্রাম্প এবং হ্যারিসের ব্যবধান দেখা গেছে ১ পয়েন্ট (ট্রাম্প ৪৬%-হ্যারিস ৪৫%)। এনপিআর/পিবিএস/মারিস্ট জরিপে দুইজনের মধ্যে ব্যবধান তিন পয়েন্ট (ট্রাম্প ৪৪%-হ্যারিস ৪১%)। আর অনলাইন একটি জরিপেও দুইজনের ব্যবধান তিন পয়েন্ট (ট্রাম্প ৪৯%-হ্যারিস ৪৬%) দেখা গেছে।