২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার কাছে কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে চালকের মৃত্যু

দুই হাইস্পিড ট্রেনের প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় স্পেনজুড়ে তিন দিনের শোক চলার মধ্যেই দ্বিতীয় আরেকটি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটল।

বার্সেলোনার কাছে কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে চালকের মৃত্যু
বার্সেলোনার কাছে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ঘটনাস্থলে হাজির হওয়া জরুরি বিভাগের গাড়ি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 09:40 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

স্পেনে দুটি হাইস্পিড ট্রেনের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের মাত্র দুই দিন পর বার্সেলোনার কাছে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভারি বৃষ্টির মধ্যে বার্সেলোনা শহরের কাছে একটি সীমানা দেওয়াল রেললাইনের ওপর ধসে পড়লে ওই কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। 

এর দুই দিন আগে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আরেক লাইন ধরে আসা আরেকটি হাইস্পিড ট্রেনকে গিয়ে ধাক্কা দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে আর তাতে ৪২ জন নিহত হন। 

এই ঘটনায় স্পেনজুড়ে তিন দিন ধরে শোক পালনের মধ্যেই দ্বিতীয় আরেকটি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটল।

কাতালোনিয়া অঞ্চলের দমকল পরিষেবার পরিদর্শক ক্লাউদি গাইয়ার্দো দুর্ঘটনাস্থল থেকে টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে জানান, কমিউটার ট্রেনটি লাইনচ্যুতির ঘটনায় চালক নিহত হয়েছেন এবং আরও ৩৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। 

ট্রেনটি থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে গাইয়ার্দোর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।   

জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, বার্সেলোনার কাছে জেলিদায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স ও ৩৮টি দমকল ইউনিট পাঠানো হয়েছে। 

রয়টার্স জানায়, শহরতলীর এমন একটি এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটেছে যেখানে দীর্ঘদিন ধরে অনেক দুর্ঘটনা ঘটে আসছে, তহবিলের অভাবে সেখান অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। 

স্পেনের রেল অপারেটর আদিফ এক্সে এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার রাতে পৃথক আরেক ঘটনায় বার্সেলোনা কমিউটার রেল নেটওয়ার্কের একটি ট্রেনের এক্সেল লাইন থেকে ছিটকে পড়ে, এতে জিরোনা শহরের দক্ষিণে ব্লানেস ও মাসানেত-মাসানেসের মধ্যে যান চলাচলে বিঘ্ন ঘটে।    

আরও পড়ুন: 

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, তিন দিনের রাষ্ট্রীয় শোক