Published : 02 Oct 2025, 12:22 PM
ফিলিস্তিনের দুর্ভিক্ষ কবলিত ছিটমহল গাজা অভিমুখী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার অন্তত ১৩টি নৌযানের গতিরোধ করে প্রায় ২০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নৌবাহিনী।
কিন্তু তাদের বাধা সত্ত্বেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ৪০টি নৌযানের মধ্যে অন্তত ২৬টি গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।
এগুলোর মধ্যে কয়েকটি গাজার উপকূলরেখার প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটারের (৩১-৩৭ মাইল) মধ্যে পৌঁছে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো গাজার সমুদ্রপথে আরোপ করে রাখা ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছে।
লাইভ ট্র্যাকার দেখাচ্ছে এখন সুমুদ ফ্লোটিলার ‘মাইকেনো’ নামের অন্তত একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করেছে। তবে ইসরায়েলি বাহিনী নৌযানটির নিয়ন্ত্রণ নিয়েছে কি না, তা পরিষ্কার হওয়া যায়নি।
গত কয়েক ঘণ্টার ইসরায়েলি বাহিনী যে দুইশর মতো আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে প্রখ্যাত সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও আছেন।
গ্রেপ্তারের পর তাদের সবাইকে ইসরায়েলি একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জিএসএফের অনেকগুলো নৌযানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) দুর্ভিক্ষ কবলিত গাজায় পৌঁছানোর চেষ্টারত বৃহত্তম মানবিক ত্রাণ মিশনগুলোর অন্যতম। স্পেনের বার্সেলোনা বন্দর থেকে রওনা হওয়া এই নৌবহরের ৪০টিরও বেশি বেসামরিক নৌযানে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যোগ দেওয়া প্রায় ৫০০ মানবাধিকার কর্মী ছিলেন।
আরও পড়ুন:
গাজামুখী সুমুদ ফ্লোটিলার গতিরোধ করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করছে ইসরায়েল