Published : 02 Oct 2025, 10:18 AM
দুর্ভিক্ষ কবলিত ফিলিস্তিনি ছিটমহল গাজা অভিমুখী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোর গতিরোধ করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী।
ইতোমধ্যে প্রখ্যাত জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছে বলে আল জাজিরা জানিয়েছে।
ফিলিস্তিনি ছিটমহলটিতে ত্রাণ সরবরাহ করার ও ভূখণ্ডটির সমুদ্রপথে আরোপ করা ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ৪০টিরও বেশি নৌযানে করে পাঁচশরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন।
গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) একটি নৌযান থেকে প্রখ্যাত সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি নৌবাহিনী তাদের জাহাজগুলো লক্ষ্য করে জলকামান থেকে পানি ছুড়ছে, তাদের টেলিযোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিয়েছে এবং আন্তর্জাতিক জলপথ ধরে গাজার দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে।
ইসরায়েল গাজামুখী ফ্লোটিলা বন্ধ করার শপথ করেছে। এই আন্দোলনকারীরা একটি ‘আইনসম্মত নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছে তারা; কিন্তু আন্তর্জাতিক আইনে মানবিক ত্রাণ সহায়তার অনুমতির বিষয়ে পরিষ্কার অনুমোদন আছে।
ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোর গতিরোধ করায় স্পেনের রাজধানী মাদ্রিদের একটি প্রধান রাস্তা বন্ধ করে প্রতিবাদ করছেন ফিলিস্তিনিপন্থি আন্দোলনকারীরা
ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) এক ডজনেরও বেশি নৌযানের গতিরোধ করায় বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে প্রতিবাদ শুরু হয়েছে। এগুলোর মধ্যে মাদ্রিদ, মেক্সিকো সিটি, বুয়েনস এইরেস ও বোগোতা অন্যতম।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযানকে তারা ‘নিরাপদে থামিয়েছে’ এবং আরোহীদের একটি ইসরায়েলি বন্দরে পাঠানো হয়েছে।
তারা আরও জানায়, ইসরায়েলি নৌবাহিনী ওই নৌযানগুলোকে গতিপথ পরিবর্তন করতে বলে কারণ তারা ‘একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে’।
বিবিসি জানিয়েছে, জিএসএফ ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অবৈধ’ অভিহিত করে ‘এটি প্রতিরক্ষামূলক কাজ না’ বরং ‘নির্লজ্জ বেপরোয়ামূলক কাজ’ বলে মন্তব্য করেছে।