জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১
সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে এ হামলা পরিকল্পিত কি না তা এখনও নিশ্চিত করতে পারেনি তারা৷
জার্মানির মানহাইম শহরে ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি গাড়ি উঠে পড়লে একজন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে, তবে সন্দেহভাজন আরও কেউ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জনসাধারণকে সিটি সেন্টার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে লোকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং অন্তত দু'জনকে উদ্ধার করা হচ্ছে বলে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
এদিকে, নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জার্মানির বিল্ড পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
তবে, চালক ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে কিনা বা জার্মানির কার্নিভাল প্যারেড উদযাপনের সঙ্গে কোনও সংযোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
জার্মানিতে কার্নিভাল চলছে। এ কারণে রাইনল্যান্ড অঞ্চলের বিভিন্ন শহরে শহরবাসীরা প্যারেডের আয়োজন করে। মানহাইমের সংবাদমাধ্যম মানহাইম২৪ নিউজের ওয়েবসাইটে প্রকাশ হওয়া এক খবর অনুযায়ী, একটি কালো রঙের গাড়ি (এসইউভি) উচ্চগতিতে কার্নিভাল উপলক্ষে আয়োজিত মেলার পাশের ভিড়ের উপর উঠে যায়।
ওদিকে, সম্প্রতি কিছু ঘটনার কারণে জার্মানিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ম্যাগডেবার্গে এবং গত মাসে মিউনিখে প্রাণঘাতী গাড়ি হামলা এবং ২০২৪ সালের মে মাসে মানহাইমে ছুরিকাঘাতসহ সাম্প্রতিক বেশ কয়েকটি সহিংস হামলার ঘটনা ঘটেছে।
তবে পরপর এই বেশ কয়েকটি হামলার ঘটনার পর এ বছরের কার্নিভাল প্যারেডের জন্য পুলিশ বিশেষ সতর্কাবস্থায় ছিল।
অন্যদিকে, এ পরিস্থিতির কারণে, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইজার মানহাইমের ঘটনার পর সোমবার কোলন শহরের কুচকাওয়াজে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।
