২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুরিয়ে এসেছে জ্বালানি, গাজায় কমছে জাতিসংঘের ত্রাণকাজ

জ্বালানির মজুত যে সামান্য পরিমাণ আছে, সেটি গাজার দক্ষিণে পানি সরবরাহের জন্য ব্যবহার হচ্ছে। এ জ্বালনিও বৃহস্পতিবারেই ফুরিয়ে যাবে।

ফুরিয়ে এসেছে জ্বালানি, গাজায় কমছে জাতিসংঘের ত্রাণকাজ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 11:21 PM

Updated : 03 Nov 2023, 12:02 AM

জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলো বলেছে, জ্বালানির মজুত প্রায় ফুরিয়ে আসায় তারা গাজায় ত্রাণকাজ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে দিতে শুরু করেছে।

জ্বালানির মজুত যে সামান্য পরিমাণ বাকি আছে সেটি দক্ষিণে পানি সরবরাহের জন্য ব্যবহার হচ্ছে। যে অঞ্চলে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে শত শত মানুষ। এই জ্বালনিও বৃহস্পতিবারেই ফুরিয়ে যাবে।

ত্রাণসংস্থাগুলো জানিয়েছে, জ্বালানির অভাবে তারা হাসপাতাল এবং বাস্তুচ্যুত মানুষের মুখে খাবার তুলে দেওয়া বেকারিগুলোতেও সহায়তা কমিয়ে দিয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ এর যোগাযোগ পরিচালক জুলিয়েত্তে তোউমা বিবিসি-কে  বলেছেন, “গাজায় আমরা যে পরিস্থিতি দেখছি তা নজিরবিহীন। ২০ লাখ মানুষ আটকা পড়ে আছে। বাইরে থেকে খুবই কম সহায়তা আসায় গাজার অবস্থা শ্বাসরুদ্ধকর।”

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৪ শ’ জন নিহত এবং ২২৪ জন জিম্মি হওয়ার পর ইসরায়েল এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে।

এরপর থেকে অবিরাম বিমান হামলা চলছে। এসব হামলায় এখন পর্যন্ত গাজায় ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

হামলার পাশাপাশি ইসরায়েল গাজায় বিদ্যুতসহ খাদ্য ও ওষুধ সরবরাহও বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে বিপর্যয়কর আখ্যা দিয়েছে।

গত ২১ অক্টোবরে প্রথম মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ২০ ট্রাক ত্রাণ ঢোকে। এই সামান্য ত্রাণকে ‘মহাসাগরে এক ফোঁটা পানির’ সঙ্গেই তুলনা করেছিল জাতিসংঘ।

এরপর থেকে রাফাহ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত গাজায় মাত্র ৭৪ ট্রাক খাবার, পানি ও ওষুধ সাহায্য ঢুকেছে, যেখানে চলমান যুদ্ধের আগে গাজায় প্রতিদিন ঢুকত প্রায় ৫০০ ট্রাক সাহায্য।

জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ এর যোগাযোগ পরিচালক জুলিয়েত্তে তোউমা বলেছেন, তাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া ৬২৯,০০০ বাস্তুচ্যুত মানুষের প্রাণ বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ প্রয়োজন।

এই মানুষদের বেশিরভাগই ইসরায়েলের হামলা থেকে বাঁচতে উত্তর গাজা থেকে সরে এসে ইউএনআরডব্লিউএ- এর আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তোউমা বলেন, আমরা সবচেয়ে বড় মানবিক ত্রাণ সংস্থা। এখন আমরা ত্রাণকাজ বন্ধ করে দেওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছি।