ইমরান খানকে আদালতে উপস্থিত করতে গ্রেপ্তারি পরোয়ানা
মামলার শুনানিতে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করতে ইসলামাবাদের সিভিল আদালতের জ্যেষ্ঠ বিচারপতি রানা মুজাহিদ রহিম এ পরোয়ানা জারি করেন।
গত অগাস্টে একজন নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলার শুনানিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের সিভিল আদালতের জ্যেষ্ঠ বিচারপতি রানা মুজাহিদ রহিম ওই পরোয়ানা জারি করেন বলে রোববার জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ‘ডন’।
ওই দিন (শুক্রবার) ইমরান অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরির আদালতে ক্ষমা চাইতে উপস্থিত হয়েছিলেন। যদিও বিচারপতি জেবা সেদিন আদালতে অনুপস্থিত ছিলেন। পরে ইমরান আদালতের এক কর্মকর্তাকে তার ক্ষমার আবেদন বিচারকের কাছে পৌঁছে দিতে বলেন।
ইমরানের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোড ১৮৮, ১৮৯, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মারগালা পুলিশ স্টেশনে ইমরানের বিরুদ্ধে ওই মামলা করা হয়। শুরুতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়েছিল। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর ইসলামাবাদ হাই কোর্ট ওই অভিযোগ বাতিল করে দেয়।
পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানায় ডন। যেহেতু ইমরান শুনানির আগের তারিখে আদালতে উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছিলেন তাই শুনানির পরবর্তী তারিখে তার আদালতে উপস্থিতি নিশ্চিত করতেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও টুইটারে এক বার্তায় জানিয়েছে পুলিশ।
টুইটে বলা হয়েছে, ‘‘যদি ইমরান পরবর্তী শুনানির দিন আদালতে উপস্থিত না থাকেন তবে তিনি গ্রেপ্তার হতে পারেন।” স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহও প্রায় একই কথা বলেছেন।
কিন্তু ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর তার সমর্থকদের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা দিতে ইমরান সমর্থকদের বিশাল একটি দল বানিগালায় তার বাসভবনের দিকে রওয়ানা হয়েছে।
এর বিরুদ্ধে প্রস্তুতি হিসেবে ইমরানের বাড়ির দিকে যাওয়ার রাস্তাগুলোতে পুলিশ পাহারা বসানো হয়েছে। গোয়েন্দা কর্মীরা পিটিআই নেতাদের উপরও নজরদারি বাড়িয়েছে। তারা বানিগালার দিকে মিছিল করতে লোকজন জড়ো করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
