২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনাকের সঙ্গে জনসনের বৈঠক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী পদে মনোনয়নের সময়সীমা শেষ হয়ে আসতে থাকার মধ্যে বৈঠক করেছেন এই দুই নেতা।

সুনাকের সঙ্গে জনসনের বৈঠক

ডাউনিং স্ট্রিটে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরসি জনসন ও সাবেক অর্থন্ত্রী ঋষি সুনাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 04:15 PM

Updated : 24 Oct 2022, 06:19 PM

যুক্তরাজ্যে এমপি’দের সমর্থনে সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। কম যাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও। এখন পর্যন্ত সুনাকের প্রায় অর্ধেক সমর্থন পেয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে নতুন প্রধানমন্ত্রী পদে মনোনয়নের সময়সীমা শেষ হয়ে আসতে থাকার মধ্যে বৈঠক করেছেন কনজারভেটিভ পার্টির (টোরি) এ দুই নেতা।

স্থানীয় সময় শনিবার রাতে তারা এ বৈঠক করেন। ভিন্ন দুটি সূত্র বিবিসি-কে একথা জানায়। যদিও সুনাক এবং জনসনের মধ্যে কি আলোচনা হয়েছে তা তারা জানায়নি।তবে পত্রপত্রিকাগুলোতে এই বৈঠক নিয়ে নানা জল্পনা প্রকাশ পেয়েছে।

‘দ্য সান’ পত্রিকা এই বৈঠককে গোপন বলে উল্লেখ করেছে। দুইজন রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত তিন ঘন্টা বৈঠক করেছেন বলে জানিয়েছে, ‘দ্য সানডে টাইমস’।

আবার ‘দ্য সানডে টেলিগ্রাফ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, কনজারভেটিভ পার্টিতে কোন্দল এড়াতে সুনাক এবং জনসন বৈঠকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। তবে ডেইলি মিরর বলছে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই।

ফলে দু’নেতার মধ্যে আসলেই কি নিয়ে আলাপ হয়েছে সেটি স্পষ্ট হওয়া যায়নি। যদি তারা কোনও সিদ্ধান্তে এসে থাকেন,সেটি কি তাও জানা যায়নি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর থেকেই এমপিদের সমর্থনের দিক থেকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছিল ঋষি সুনাককে।

এরপর একদিন পেরোতে না পেরোতেই সুনাক প্রধানমন্ত্রী প্রার্থী হতে এমপি’দের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের জন্য বেঁধে দেওয়া সংখ্যাও পার করে ফেলেছেন।

বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দু্পুর ২টার মধ্যে সম্ভাব্য একজন প্রধানমন্ত্রী প্রার্থীর অন্তত ১০০ জন টোরি এমপি সমর্থন পেতে হবে।

সুনাক এরই মধ্যে পেয়ে গেছেন ১৩০ এমপি’র সমর্থন। ওদিকে, জনসন ৫৫ এমপি’র সমর্থন পেয়ে উঠে এসেছেন দ্বিতীয় অবস্থানে। যদিও জনসন শিবির দাবি করছে তারা ১০০ এমপি’র সমর্থন পেয়ে গেছে, কেবল সে সমর্থন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়াটাই বাকি।

তবে সুনাকের সমর্থকরা জনসন শিবিরের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং জনসনকে এর প্রমাণ দেখাতে বলেছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সুনাক এগিয়ে যাওয়ার পর তিনি রোববার প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি অর্থনীতি সামাল দিতে চান বলে জানিয়েছেন। ওদিকে, বরিস জনসনও স্পষ্টতই প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলেই মনে করছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস মক।

এমপি’দের সমর্থনে সুনাক এবং জনসন কাছাকাছি অবস্থানে চলে আসতে থাকায় তারা যৌথভাবেই জয় পাবেন কিনা তা নিয়ে জল্পনার মধ্যে শনিবার দু’নেতা বৈঠক করেন।

এমপি’দের সমর্থন জোগাড়ের জন্য সময় আছে সোমবার দুপুরা পর্যন্ত। এর মধ্যে এমপি’রা একজনকেই বেশি সমর্থন দিলে তিনিই সোমবার টোরি নেতা এবং প্রধানমন্ত্রী হয়ে যাবেন। আর তা না হলে অনলাইনে কনজারভেটিভ দলের সদস্যদের ভোট নেওয়া হবে। এরপর ফল ঘোষণা করে হবে শুক্রবারে।