ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবকেও হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলের এ দাবি সত্য হলে দুই দিনে তিন শীর্ষ নেতাকে হারাল ইরান।
ইসরায়েলের হামলায় একে একে ইরানের শীর্ষ নেতাদের প্রাণহানির তালিকায় যুক্ত হল আরও একজনের নাম।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, মঙ্গলবার রাতে হামলা চালিয়ে তারা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করেছেন।
যদিও এ নিয়ে তেহরানের তরফ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি, লিখেছে আল জাজিরা।
ইসরায়েলের এ দাবিও যদি সত্য হয়, তবে দুই দিনে তিন শীর্ষ নেতাকে হারাল ইরান। এর আগে দেশটির নিরাপত্তা প্রধান আল লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে বিমান হামলায় নিহত হয়েছেন। বুধবার এই দুই কর্মকর্তার জানাজা হওয়ার কথা রয়েছে।
একের পর এক শীর্ষ নেতাদের হারিয়ে ইরান চাপের মুখে পড়ছে কিনা, সেই প্রশ্ন উঠলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লারিজানির হত্যাকাণ্ড ইরানের নেতৃত্বের জন্য মারাত্মক কেনো ফাটল তৈরি করবে না।
বুধবার ভোরে তেহরানের পক্ষ থেকে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার পর আল জাজিরাকে এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো উপলব্ধি করতে পারেনি যে, ইরান সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।
ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইসমাইল খতিব ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ।
আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, “ইসরায়েলি সূত্রগুলোর দাবি অনুযায়ী, তারা এমন সব গোয়েন্দা তথ্য পাচ্ছিলেন, যা তাদের গত ২৪ ঘণ্টায় তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার মৃত্যুর ঘোষণা দেওয়ার সুযোগ করে দিয়েছে।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের নজরে থাকা অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের নির্মূলে স্থায়ী অনুমোদন দিয়েছেন। যে কারণে এখন থেকে আলাদাভাবে প্রতিটি ঘটনার জন্য অনুমোদনের প্রয়োজন হবে না।”
নিদা ইব্রাহিম বলেন, “ইরানি নেতৃত্বকে নিশানা করার ক্ষেত্রে এটি ইসরায়েলের আরেকটি সাফল্য হিসেবে দেখা হচ্ছে।”
গত ২৮ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ স্তরের বড় একটি অংশকে একেবারে সরিয়ে ফেলেছে। ফলে ইরান নেতৃত্বে সংকটে কিনা, সেই প্রশ্নও ঘুরে ফিরে আসছে। যদিও তেহরান এ ধরনের সংকটের কথা নাকচ করে আসছে।
