২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ভারতীয় ‘নিখোঁজের’ ঘটনা তদন্তে ইরান, মানবপাচার নিয়ে দূতাবাসের সতর্কতা

ইরানে যাওয়ার পরই লাপাত্তা তিন ভারতীয়। তাদের পরিবারের সন্দেহ, অপহরণ করা হয়েছে তিনজনকে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের ইরানি দূতাবাস।

তিন ভারতীয় ‘নিখোঁজের’ ঘটনা তদন্তে ইরান, মানবপাচার নিয়ে দূতাবাসের সতর্কতা
তিন ভারতীয়কে অস্ট্রেলিয়ায় লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 11:59 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

তেহরানে এ মাসের শুরুতে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাগরিকের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের ইরানি দূতাবাস।

গত ১ মে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরানে যাত্রাবিরতি করেন ভারতের পাঞ্জাব রাজ্যের ওই তিন ভারতীয়। অস্ট্রেলিয়ায় তাদেরকে লোভনীয় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় এক ভ্রমণ এজেন্ট।

এরপর থেকেই তিন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাদের পরিবার। বিবিসি লিখেছে, পরিবারের দাবি, ইরানে পা রাখার পরই কয়েকজন ব্যক্তি তাদেরকে অপহরণ করে এবং অপহরণকারীরা এখন মুক্তিপণ হিসেবে ৫০ লাখ রুপি দাবি করছে।

বৃহস্পতিবার, ভারতের ইরানি দূতাবাস এক্স-এ বলেছে, “তিন ভারতীয় নিখোঁজের বিষয়টি ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক বিভাগ সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে খতিয়ে দেখছে।”

দূতাবাস আরও জানায়, তারা ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টির অগ্রগতি সম্পর্কে অবহিত করছে। পাশাপাশি অবৈধ অভিবাসনের পথে যাওয়ার বিপদ সম্পর্কেও সচেতন করছে।

ভারতে অবস্থিত ইরানি দূতাবাস মানবপাচার নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেছে, “ঘটনার প্রকৃতি বিবেচনায়, ভারতীয়দের সতর্ক করা হচ্ছে যেন তারা কোনও অবৈধ ব্যক্তি বা অনুমোদনহীন ট্রাভেল এজেন্টের লোভনীয় প্রস্তাবে প্রলুব্ধ না হন।”

এর আগে বুধবার ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছিল, তারা ইরান কর্তৃপক্ষের সঙ্গে মিলে বিষয়টিতে জোরাল পদক্ষেপ নিয়েছে এবং জরুরি ভিত্তিতে নিখোঁজ নাগরিকদের হদিস পাওয়া ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

নিখোঁজ তিনজনের পরিবার বলছে, অস্ট্রেলিয়ায় আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় এক ট্রাভেল এজেন্ট তাদের বিদেশ পাঠানোর দায়িত্ব নেয়।

হোশিয়ারপুর জেলার বাসিন্দা ২৩ বছরের অমৃতপাল সিংয়ের মা গুরদীপ কৌর জানান, “ট্রাভেল এজেন্ট বলেছিলেন, আমার ছেলের অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে। তারা আমাদের কাছে ১৮ লাখ রুপি চায়।”

এজেন্টরা প্রথমে ২৬ এপ্রিল দিল্লি থেকে অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটে তার বুকিংয়ের কথা বললেও, পরে জানায় যে কাগজপত্র এখনও প্রস্তুত হয়নি। এরপর ২৯ এপ্রিলের ফ্লাইটের কথা বললে সেটাও বাতিল হয়ে যায়।

পরে ১ মে অমৃতপালকে আরও দুই যুবকের সঙ্গে ইরানের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। বলা হয়, এটি অস্ট্রেলিয়া যাওয়ার পথে ট্রানজিট মাত্র।

গুরদীপ কৌর বলেন, “ইরানে নামার পর ছেলে ফোন করে জানায়, সে নিরাপদে পৌঁছেছে, তাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে। কিন্তু এক ঘণ্টা পর সে আবার ফোন করে জানায়, তাদের অপহরণ করা হয়েছে।” এর পরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা ভিডিও কল করে তিন যুবককে মারধরের চিহ্নসহ একটি ঘরের ভেতরে দেখায় বলে জানান গুরদীপ কৌর। তারা প্রথমে ২ কোটি রুপি দাবি করলেও পরে ৫৪ লাখ রুপিতে এসে থামে।

তবে শেষ ১০ দিন ধরে তাদের কোনও খোঁজ নেই বলে জানিয়েছেন অমৃতপালের কাকা গুরদেব সিং। এখনও কোনও মুক্তিপণ দেওয়া হয়নি।

এ ঘটনায় পাঞ্জাবে তিনজন ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হোশিয়ারপুর পুলিশের কর্মকর্তা গুরসাহিব সিং বলেন, “তারা পলাতক, আমরা তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছি।”

পাঞ্জাবের ধুরি গ্রামে নিখোঁজ হুসনপ্রীত সিংয়ের বাড়ি এখন তালাবদ্ধ। বৃদ্ধী নানী গ্রামে গ্রামে ঘুরে সাহায্যের আবেদন জানাচ্ছেন আত্মীয়দের কাছে। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, তারা পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

সম্প্রতি অবৈধ অভিবাসনে জড়িত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে ভারত সরকার কঠোর অবস্থান নিয়েছে, বিশেষ করে ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দেশটি থেকে শত শত ভারতীয়কে ফেরত পাঠানোয় এই বিষয়ে সরকার আরও সক্রিয় হয়।

সেই সময় হাতকড়া পরা অবস্থায় বিমানে করে ফিরিয়ে আনা ভারতীয়দের ছবি দেশজুড়ে আলোড়ন তোলে।