ইরান আমাদের সঙ্গে ‘খেলেছিল’, তাই ট্রাম্পকে ব্যবস্থা নিতে হয়েছে: রুবিও
ইরান পাল্টা হামলা চালালে সেটি তাদের জন্য ‘মস্তো ভুল’ হবে বলেও সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খেলেছিল’। সেকারণেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে।
ফক্স নিউজকে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি রাখার প্রস্তাব দিয়েছিল। কিন্ত তারা তা প্রত্যাখ্যান করেছে।
ইরানের কখনও পারমাণবিক অস্ত্র থাকা উচিত না সেকথা আবারও উল্লেখ করে রুবিও বলেন, “তারা আমাদের সঙ্গে খেলেছে। তারা আমাদের প্রস্তাবে সাড়া দেয়নি। তারা ১০ দিনের জন্য উধাও হয়ে গেছে। ফলে এর জবাবে প্রেসিডেন্টকে ব্যবস্থা নিতে হয়েছে।”
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালালে সেটি তাদের জন্য ‘মস্তো ভুল’ হবে বলেও রুবিও সতর্ক করেছেন।
তিনি বলেন, “আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি না। আমরা ইরানে যুদ্ধও করতে চাইছি না। কিন্তু তারা আমাদের ওপর হামলা করলে, আমি মনে করি আমাদের সেই সক্ষমতা আছে, যেটা ইরান এখনও দেখেনি।”
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, ইরান কখনও আলোচনার টেবিল ছেড়ে যায়নি। বরং ইসরায়েলের হামলার কারণে আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র তাতে সামিল হয়েছে।
