২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ্জর হত্যায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার যোগ ছিল, অভিযোগ কানাডার পত্রিকায়

সম্পর্ক মেরামত করতে কানাডার প্রধানমন্ত্রী কার্নির ভারত সফরের সময়ই নতুন এই বিস্ফোরক খবর প্রকাশ করেছে কানাডার ‘গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকা।

নিজ্জর হত্যায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার যোগ ছিল, অভিযোগ কানাডার পত্রিকায়
ছবি:রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 06:00 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা নিয়ে তলানিতে পৌছানো ভারত-কানাডা সম্পর্ক ঠিক করতে কানাডার প্রধানমন্ত্রী যখন ভারত সফর করছেন, ঠিক তখনই বিস্ফোরক তথ্য দিয়ে খবর প্রকাশ করল কানাডার ‘গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকা।

পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ২০২৩ সালে হরদীপ সিং নিজ্জর হত্যায় এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার যোগ ছিল। 

জাতীয় নিরাপত্তা এবং আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় কনস্যুলেটের এক কর্মকর্তা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। সে কারণেই ২০২৩ সালের ১৮ জুন কানাডায় ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা সহজ হয়। 

খবরে একজন ভিসা কর্মকর্তার কথা বলা হয়েছে যিনি ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) এর গোপন এজেন্ট হিসাবে কাজ করেছিলেন। কূটনৈতিক কর্মকর্তার ছদ্মবেশে তিনি স্থানীয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে নিজ্জরের সম্পর্কে গোয়েন্দা তথ্য জোগাড় করেছিলেন।

এই কর্মকর্তা একজন পেশাদার কূটনীতিকের সঙ্গেও কাজ করেছিলেন বলে অভিযোগ আছে, যার নাম ছিল মনিশ। তিনি সে সময় ভ্যাঙ্কুভারে কনসাল-জেনারেল হিসাবে কাজ করতেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্য সম্পর্ক উন্নত করার চেষ্টায় ভারত সফরে থাকার সময় কানাডার পত্রিকায় এমন খবর দু’দেশের কূটনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করতে পারে।

খলিস্তানপন্থি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তার তিন বছর পর নিজ্জর কানাডায় হত্যার শিকার হন। এর পরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলে কানাডার তৎকালীন ট্রুডো সরকার।  

এ নিয়ে চিড় ধরেছিল ভারত-কানাডা সম্পর্কে। বর্তমানে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমলে আবার দু’দেশের মধ্যে সম্পর্কের শীতলতা কাটানোর উদ্যোগ শুরু হয়েছে।

কে এই নিজ্জর?

ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের একটি গ্রামের বাসিন্দা ছিলেন হরদীপ সিং নিজ্জর। সেখানেই জন্ম তার। পাঞ্জাব থেকে ১৯৯৭ সালে তিনি কানাডায় পাড়ি জমিয়েছিলেন। 

ভারতের অভিযোগ, নিজ্জর খালিস্তান আন্দোলনের এক নেতা। খালিস্তান আন্দোলনকারীরা ভারতের চোখে বিচ্ছিন্নতাবাদী। কানাডা বরাবরই খালিস্তানিদের আশ্রয়–প্রশ্রয় দিয়ে আসছে বলেও অভিযোগ দিল্লির।

ভারতে যে ৪০ জন জঙ্গির তালিকা রয়েছে, তার মধ্যে নিজ্জরের নাম ছিল। পঞ্জাবের জলন্ধরে এক পুরোহিতকে খুনের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছিল।

২০২২ সালে নিজ্জরের জন্য ১০ লাখ টাকার পুরস্কারমূল্য ঘোষণা করেছিল ভারতের এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা)। এর আগে, ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগে হরদীপের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ।

খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) নামক সংগঠন ভারতের চোখে ‘সন্ত্রাসী সংগঠন’। ভারতের অভিযোগ, নিজ্জর কেটিএফ-এর প্রধান। তাছাড়া, ভারতে নিষিদ্ধ শিখ ফর জাস্টিস (এসএফজে) নামক আরেকটি সংগঠনের সঙ্গেও নিজ্জর জড়িত ছিলেন বলে নয়াদিল্লির অভিযোগ।

নিজ্জরকে খুনের ঘটনায় চার ভারতীয়কে অভিযুক্ত করে ‘সরাসরি বিচার’ প্রক্রিয়াও শুরু করেছিল কানাডা। দেশটির সরকার বহুদিন থেকেই এই হত্যাকাণ্ডে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করে আসছে।

নিজ্জর হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০২৪ সালে ভারতীয় হাই কমিশনার ও অন্যান্য কূটনীতিকদের বহিষ্কার করাকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছিল।