২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ড‌নে সাউথএন্ড বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৪

লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত চারজনের মধ্যে একজন ছিলেন ফ্লাইটে সদ্য যোগ দেওয়া এক নার্স। প্রথম কর্মদিবসেই যার মৃত্যু হয়েছে।

লন্ড‌নে সাউথএন্ড বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৪
মারিয়া ফার্নান্দা রোজাজ অর্টিজ। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 01:03 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন ফ্লাইটে সদ্য যোগ দেওয়া এক নার্স। প্রথম কর্মদিবসেই যার মৃত্যু হল।

৩১ বছর বয়সী মারিয়া ফার্নান্দা রোজাজ অর্টিজ ছিলেন জার্মান নাগরিক; জন্ম চিলিতে। তিনি দীর্ঘদিন সরকারি নার্স হিসেবে কাজ করেছেন। এরপর একটি মেডিকেল ইভাকুয়েশন কোম্পানিতে ফ্লাইট নার্স হিসেবে যোগ দিয়েছিলেন।

রোববার বিকালে ডাচ কোম্পানি জিউশ অ্যাভিয়েশনের একটি বেসরকারি উড়োজাহাজ লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন বলে জানায় স্থানীয় পুলিশ।

নিহতদের মধ্যে ছিলেন ডাচ পাইলট ও কো-পাইলট। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

মারিয়ার বন্ধুদের বরাতে বিবিসি জানিয়েছে, “তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিনয়ী একজন মানুষ” যার “মনে কোনো হিংসা বা রাগ ছিল না।” তারা আরও জানান, “সে এমন একটি পেশা বেছে নিয়েছিল যা তার চরিত্রের সঙ্গে মানানসই।”

জিউশ অ্যাভিয়েশন জানিয়েছে, তারা তদন্তকারী কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে। নেদারল্যান্ডসের লেলিস্টাড বিমানবন্দরে অবস্থিত কোম্পানিটি চিকিৎসা পরিবহন, ব্যক্তিগত চার্টার ও এয়ার ফিল্মিং সেবা দিয়ে থাকে।

এসেক্স পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট মরগান ক্রোনিন বলেছেন, “নিহতদের মরদেহ যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে।”

সিভিল অ্যাভিয়েশন অথরিটি দুর্ঘটনাস্থল ঘিরে উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার বিমানবন্দরটির সব ফ্লাইট অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়।

বিমানটি রোববার এথেন্স থেকে ক্রোয়েশিয়ার পুলা হয়ে সাউথএন্ডে গিয়েছিল এবং পরে নেদারল্যান্ডসের লেলিস্টাডে ফেরার কথা ছিল।

দুর্ঘটনার পর স্থানীয় সময় সোমবার সকালে লেলিস্টাড বিমানবন্দরে দেখা গেছে, বিমানবন্দর কর্মীরা ডাচ পতাকা অর্ধনমিত করেছেন। বিমানবন্দরের পরিবেশ ছিল স্তব্ধ।

একজন পাইলট বলেন, “আমার আশঙ্কা, আমার সহকর্মীদের একজন হয়ত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এখানে সবাই একে অপরকে চেনে, আমরা সবাই শোকাহত।”

দুর্ঘটনার তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে ব্রিটেনের বিমান দুর্ঘটনা তদন্তকারী কর্তৃপক্ষ।