২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বোলসোনারো ভক্তের ছুরিকাঘাতে লুলার সমর্থক নিহত

মধ্যপশ্চিমের রাজ্য মাতো গ্রোসোতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার পর এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ব্রাজিলে বোলসোনারো ভক্তের ছুরিকাঘাতে লুলার সমর্থক নিহত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোটগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2022, 04:59 PM

Updated : 10 Sep 2022, 04:59 PM

ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর এক ভক্ত দেশটির বামপন্থি সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার এক সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করেছে।

শুক্রবার কর্তৃপক্ষ এ সহিংসতার খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ আমেরিকার দেশটিতে আসন্ন সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা যে চড়ছে, এ ছুরিকাঘাতে হত্যার ঘটনাই তার সর্বশেষ নজির।

মধ্যপশ্চিমের রাজ্য মাতো গ্রোসোতে লুলা ও বোলসোনারো সমর্থকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার পর এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নির্বাচন নিয়ে হওয়া সর্বশেষ জনমত জরিপগুলোতেও লুলাকে বোলসোনারো থেকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

পুলিশের প্রতিবেদন বলছে,২৪ বছর বয়সী রাফায়েল সিলভা দে অলিভেইরা ৪২ বছর বয়সী বেনেদিতো কারদোসো সান্তোসকে ছুরিকাঘাত করেন। সন্দেহভাজন হামলাকারীকে পরে থানায় নিয়ে যাওয়া হয়, সেখানেই ওই যুবক স্বীকারোক্তি দেন এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।

এ প্রসঙ্গে শুক্রবার রিউ দি জানেইরুতে লুলা সাংবাদিকদের বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় যে বিদ্বেষমূলক পরিবেশ, তা একেবারেই অস্বাভাবিক।

এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে ‘নির্দেশ বা নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কিংবা এটা রাজনৈতিক কৌশল কিনা’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছেন তিনি।

তবে তার সমর্থকদের ওপর সুপরিকল্পিত হামলার বিষয়ে তার যে ইঙ্গিত, লুলা সে বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেননি।

এ প্রসঙ্গে মন্তব্য চাইলে ব্রাজিলের প্রেসিডেন্টের দপ্তর তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

জুলাইয়ে কাছাকাছি ধরনের এক ঘটনায় লুলার ওয়ার্কার্স পার্টির এক স্থানীয় কর্মকর্তাকে এক কেন্দ্রীয় কারারক্ষী গুলি করে হত্যা করে; ওই ঘটনার সময় কারারক্ষী চিৎকার করে বোলসোনারোর প্রতি তার সমর্থনও ব্যক্ত করেছিলেন।

শুক্রবার সকালে মাথায় আঘাতের চিহ্ন থাকা এক বোলসোনারো সমর্থক দাবি করেন, রিউ দি জানেইরুর সাও গনসালো শহরে লুলার আগমনের অপেক্ষায় থাকা ওয়ার্কার্স পার্টির কর্মীদের মারধরের শিকার হয়েছেন তিনি।

লুলা ও তার বামপন্থি মিত্রদের বিরুদ্ধে সরব বোলসোনারো দীর্ঘদিন ধরেই নির্বাচনে হেরে গেলে ভোটে জালিয়াতি এবং ব্রাজিলে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থার সংকট সংক্রান্ত ‘ভিত্তিহীন দাবি’ তুলে ফল মেনে না নেওয়ার আভাস দিয়ে রেখেছেন।